রাজশাহী বিভাগীয় চীফ : পাবনার চাটমোহরে চলনবিলে নৌকায় বেড়াতে গিয়ে শিশুসহ প্রাণ হারালেন একই পরিবারের তিনজন। আহত হয়েছেন দুই জন।
আজ রোববার (০৩ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের রানীগ্রামের মৃত আফসার আলীর ছেলে ও নিউ এরা ফাউন্ডেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা মো: আফজাল হোসেন (৪৫), তার আপন ছোট ভাই ও টেবুনিয়া শামসুল হুদা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আনোয়ার হোসেন (৪০) এবং আনোয়ার হোসেনের ছোট ছেলে সোহান (১১)।
আহত অপর সবাই হলেন নাসরিন, নিষাদ, নেহাল, রিনি, নীলিমা।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, পরিবারের অন্য সদস্যরা নৌকার ভেতরে বসে থাকলেও ছাদে (ছই) এ বসে ছিলেন ৫ জন।
বিলে পানি বৃদ্ধির কারণে বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারের সাথে ধাক্কা লেগে ছাদে বসা ৫ জন বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যায়।
পরে দুই জনকে উদ্ধার করা গেলেও তিন জন পানিতে তলিয়ে যায়। পরে ঘন্টা খানেকের চেষ্টায় এলাকাবাসীরা মৃত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন।
পরিবারের বরাত দিয়ে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম নিউজ পাবনা ডটকমকে জানান, পাবনার টেবুনিয়া থেকে মাইক্রোবাস ও মোটর সাইকেল যোগে দুপুরে একই পরিবারের ১৫-২০ জন সদস্য চলনবিল ভ্রমনের উদ্দেশ্যে চাটমোহরে বেড়াতে এসে উপজেলার ছাইকোলা বাজার এলাকা থেকে একটি নৌকা ভাড়া করে তারা চলনবিলে নৌ-ভ্রমনে বের হন।
বেলা তিনটার দিকে হান্ডিয়াল ইউনিয়নের চরকাজীপুর জিওলগাড়ি বিলে নৌকার ছাদে থাকা ৫ জন বৈদ্যুতিক তারের সাথে ধাক্কা লেগে বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যান।
নৌকার মাঝি ও স্বজনরা দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করতে পারলেও তিন জন পানিতে তলিয়ে যায়।
পরে তাদের চিৎকারে এলাকাবাসীরা প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় তিনজনের লাশ উদ্ধার করে।
পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
ঈদের আনন্দে বেড়াতে গিয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুতে টেবুনিয়ায় এলাকাবাসী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের তিনজনের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার বাতাস।
নৌকা ভ্রমনে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু
নিউজ আপডেট টাইম : সেপ্টেম্বর, ৪, ২০১৭, ৯:৩৪ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
143 বার
