সময় রাত ৮:৫৭, বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

অবিরত খেয়ালে

অবিরত খেয়ালে
———————-
ননীগোপাল সরকার
খুব লাল পরেছিলে ঠোঁটে
চোখের উপর মিহিটানে সবুজাভ শেড
মিশিয়ে সোনালি আভা
কামশর বাণে।
কী জানি কি ভেবে কর্ণযুগল রেখেছিলে নিরাভরণ
পুরুষ্ঠ নাশিকা জানান দিচ্ছিলো
তেজময় সুখে।
তুমিই বলো–বিপণির রকমারি ঝলকানিতে
সন্ধ্যেটা আমাকে কেন না জাগাবে
আমি দেখলাম–তোমাকেই দেখলাম
অবিরত খেয়ালে ।
আচ্ছা–যদি ভিনগ্রহের গৈরিক আবেশে
আবার দেখা হয় কোনো পড়ন্ত বিকেলে
আমরা কি ভালোবাসবো আজিকার মতো
নিরব কৌতুহলে!
নিশীথ রাতের নিভৃত কলায়
আমরা কি চাঁদকে বলবোনা–
ও চাঁদ তুমি যেয়োনা যেয়োনা চলে এ মধুরাতে।
মানুষ কি তখন ভুলে যাবে
ভালোবাসার কথা
যান্ত্রিক অজানা সুখে ভুলে কি যাবে
শিব-সতীর অমর প্রেমের উপাখ্যান
হায় ভোলানাথ এও কী সম্ভব
মনুষ্য কুলে ?
ভালোবাসার যুগল ফলে
চিরকাল সৃজিত হয় অরুণ আলোর প্রাণ
গান করি তুমি আমি
তীর্থের সমান।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী