রাজশাহী বিভাগীয় চীফ : মেহেদির রঙ না শুকাতেই বিয়ের লাল শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নিল এক অভিমানি স্ত্রী। নিহত নববধূ নুপুর পারভীন (২০) উপজেলার মন্ডতোষ ইউনিয়নের চকমৈষাট গ্রামের মেহেদি হাসানের স্ত্রী। বৃহস্পতিবার পাবনার ভাঙ্গুড়ায় হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, ৩ মাস আগে উপজেলার ঝি-কলকতি গ্রামের ইসমাইল হোসেনের পুত্র মেহেদি হাসানের সাথে বিয়ে হয় একই উপজেলার চকমৈষাট গ্রামের হাসিনুর রহমানের কন্যা নুপুরের। বিয়ের পর নতুন সংসার জীবন ভালোই চলছিল তাদের। তবে হঠাৎ করেই গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে বাড়ির সবার অগোচরে নিজের বিয়ের লাল শাড়িটি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে সে। কি কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে থানা পুলিশ ও নিহতের পরিবারের কেউই তার কারণ জানাতে পারেনি। তবে ঘটনার পর থেকেই তার স্বামী ও শশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানা গেছে। পুলিশ শোবার ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পাবনা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বিয়ের লাল শাড়ি দিয়েই আত্মহত্যা করল নববধূ নুপুর
নিউজ আপডেট টাইম : সেপ্টেম্বর, ১৫, ২০১৭, ৬:১১ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
354 বার
