সময় রাত ৪:২৯, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আইপিএল এবার প্রতিটি দলকে দিচ্ছে অন্তত ১৫০ কোটি রুপি লাভের আশা

আইপিএল ভারতীয় ক্রিকেট বোর্ডের সোনার ডিম পাড়া হাঁস। এবারের আসর থেকে তারা আয় করছে প্রায় ৪ হাজার কোটি রুপি!

আইপিএল যে ভারতীয় ক্রিকেট বোর্ডের সোনার ডিম পাড়া হাঁস, এটা জানে সবাই। তবে এবারের আইপিএল ভেঙেছে আগের সব রেকর্ডই। ২০১৮ আইপিএলে নতুন করে স্পনসর ও মিডিয়া স্বত্ব বিক্রি হয়েছে। এর ফলটা হাতে হাতেই পাচ্ছে বিসিসিআই। এবার এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি প্রতিযোগিতা থেকে বিসিসিআই নাকি আয় করবে ৩ হাজার ৯১০ কোটি রুপি। প্রায় চার হাজার কোটি রুপিই তো!

এবার নতুন নিলামে ২ হাজার ১৯৯ কোটি রুপি দিয়ে আইপিএলের টাইটেল স্বত্ব কিনে নিয়েছিল ভিভো। এটা আগের চুক্তির ৫৫৪ শতাংশ। আর মিডিয়া স্বত্ব কিনেছে স্টার স্পোর্টস। এ জন্য তাদের খরচ হচ্ছে ‘মাত্র’ ১৬ হাজার ৩৪৭ কোটি ৫০ লাখ রুপি। এ দুই চুক্তি নিশ্চিত করেছে আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি এবার অন্তত ১৯৪ কোটি রুপি আয় করবে।

বিসিসিআইয়ের আয়ের ৪০ শতাংশ আয় পায় ফ্র্যাঞ্চাইজিগুলো। আবার বোর্ড ফ্র্যাঞ্চাইজিগুলোর আয় থেকে ২০ ভাগ কেটে নেয়। সব মিলিয়ে শেষ পর্যন্ত আয়ের ৪০ ভাগ যায় ফ্র্যাঞ্চাইজির কাছে, বাকি ৬০ ভাগ বোর্ডের কাছে। এভাবেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মোট লাভ দাঁড়াবে ১৫০ কোটি রুপি।

বিসিসিআইয়ের মিডিয়া স্বত্ব ছাড়াও ফ্র্যাঞ্চাইজিগুলো স্পনসর, টিকিট বিক্রি এবং অন্যান্য সব বিষয় মিলিয়ে ৫৫ থেকে ৬৫ কোটি রুপি আয় করবে। সোনার ডিম পাড়া হাঁসই বটে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী