
বালিয়াকান্দি (রাজবাড়ী) ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামে এক সংখ্যালঘু পরিবারের জমি জোরপূর্বক দখল করে পাকাঘর নির্মানের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছে। মৌখিক ভাবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিমের নিকট অভিযোগ করেছেন। ওই পরিবারের কাছ থেকে তড়িঘড়ি করে জমি কেনার চেষ্টা চালাচ্ছে।
ভুক্তভোগী খালকুলা গ্রামের সমরদেব ভৌমিক জানায়, তার খালকুলা মৌজার জেএল নং ৯০ বিএস ২৭৪৯ দাগ নং ১২২৬৭ এর ৫ শতাংশ ও ১২৬৮৯ এর ২২ শতাংশ জমি পূর্ব পুরুষের পৈত্রিক সম্পত্তি খ তফসীলের আওতায় চলে যায়। বর্তমান আওয়ামী লীগ সরকার জমির ওয়ারিশ হিসেবে তাদেরকে জমির মালিকানা ফিরিয়ে দেয়। সে নির্দেশনা অনুযায়ী ভূমি অফিসে নামপত্তন করে খাজনা পরিশোধ করে। ওই ২২ শতাংশ জমির উপর একই গ্রামের হাসান আলী মোল্লার ছেলে সেলিম রেজা তৃনমূল আওয়ামী লীগের অফিস সাইনবোর্ড টাঙ্গিয়ে জোরপূর্বক পাকাঘর নির্মান করে চলছে। থানায় একাধিকবার অভিযোগ করা হয়েছে। অপর ৫ শতাংশ জমি ও দখলে রয়েছে। তিনি জমিটুকু উদ্ধারের জন্য রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম সহ উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে। গত সোমবার উপজেলা চেয়ারম্যানের বাসভবনে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মাষ্টার, সাধারন সম্পাদক সামসূল আলম সূফি, জেলা পরিষদের সদস্য আব্দুস ছাত্তার খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুনর রশিদ হারুন, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী সেখ, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান আলী, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার চক্রবর্তী , হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল চট্টোপাধ্যায়, সাধারন সম্পাদক সনজিৎ কুমার দাস, পূজা পরিষদের সম্পাদক নিতিশ কুমার মন্ডল সহ ৭ ইউনিয়নের সভাপতি- সম্পাদকের উপস্থিতিতে জমি দখলের বিষয়ে অভিযোগ করেন।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান জানান, ওই জমি আমার দখলে নেই। আমি সংখ্যালঘু পরিবারটি যাতে তাদের জমি ফেরত পান তার জন্য সকল প্রকার সহযোগিতা করে আসছি।
জমি দখলকারী সেলিম রেজার ভাই রেজাউল ইসলাম জানান, দীর্ঘদিন আমরা জমিটি ভোগদখল করে আসছি। এখন তারা জমিটি দাবী করছে। আমরা তাদেরকে টাকা নিয়ে রেজিষ্ট্রি করে দিতে বলেছি। তবে তাদের পরিবারের সাথে ভালো সম্পর্ক হওয়ার কারণে আশা করছি তারা টাকা নিয়ে দ্রুতই রেজিষ্ট্রি করে দিয়ে বিষয়টি সুরহা করবেন।
বালিয়াকান্দিতে তৃনমূল আওয়ামীলীগের সাইনবোর্ড লাগিয়ে সংখ্যালঘু পরিবারের জমি দখল
নিউজ আপডেট টাইম : মে, ৯, ২০১৮, ৭:২১ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
422 বার
