সময় সন্ধ্যা ৬:০৩, সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধে ৩০টি মেহগনি গাছ কর্তন


বালিয়াকান্দি সংবাদদাতা ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৩০টি মেহগনি গাছ কর্তনের অভিযোগ উঠেছে।
বালিয়াকান্দি ইউনিয়নের চরআড়কান্দি গ্রামের মৃত আমজাদ হোসেন মিয়ার ছেলে মোঃ শাওন আহম্মেদ শিমুল জানান, তার চাচা মোঃ ইয়াকুব আলী মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ইতিপুর্বে বালিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আযম চুন্নু ও বর্তমান চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখের নিকট লিখিত ভাবে অভিযোগ দায়ের করা হয়। বারংবার চেয়ারম্যানদ্বয় নোটিশ করলেও ইয়াকুব আলী মিয়া উপস্থিত হয়নি। এরই মধ্যে শিমুলের লাগানো ৩০টি মেহগনি গাছ বুধবার রাতে কে বা কারা কর্তন করাসহ বেড়া ভেঙ্গে সরিয়ে ফেলেছে।
বৃহস্পতিবার সরেজমিনে গেলে স্থানীয় লোকজন জানান, শিমুলের লাগানো গাছ কর্তন ও বেড়া রাতের অন্ধকারে কে বা কাহারা ভেঙ্গে ফেলেছে। তবে জমি নিয়ে তার চাচা মোঃ ইয়াকুব আলী মিয়ার সাথেও বিরোধ চলছে।
মোঃ ইয়াকুব আলী মিয়া জানান, তারা দু,ভাই জমি ভাগবাটোয়ারা করে খেতেন। এখন বিরোধ সৃষ্টি হওয়ায় তিনি আদালতে ১৪৪ ধারার মামলা দায়ের করেছেন। তবে রাতের অন্ধকারে গাছ কর্তনের বিষয়টি তিনিও শুনেছেন। তবে কারা করেছে তা বলতে পারেন না।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী