
বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারে সোমবার সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। জমিটি উদ্ধার করে লাল নিশান টাঙ্গিয়ে সরকারের দখলে নেওয়া হয়েছে।
জানাগেছে, উপজেলার জামালপুর বাজারে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাড়াকোলা গ্রামের জহর আলী শেখের ছেলে সহিদুল ইসলাম শেখ সরকারী ০.৬৯ শতাংশ জমি অবৈধ দখল করে স্থাপনা নির্মানের চেষ্টা করে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তায়েব-উর রহমান আশিক, সার্ভেয়ার রাসেল শেখ, ভুমি সহকারী কর্মকর্তা সুকুমার, বিপুল কুমার, স্টাফ ফজলু বিশ্বাস, উপজেলা ভুমি অফিসের সহকারী পারভেজ সাজ্জাদের উপস্থিতিতে জামালপুর বাজারে ০.৬৯ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করা হয়। জমিটির আনুমানিক মুল্যে ৮ লক্ষ টাকার জায়গা উদ্ধার এবং মালামাল জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তায়েব-উর রহমান আশিক জানান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার উপস্থিতিতে অবৈধ দখলদার উচ্ছেদ করাসহ সরকারী ০.৬৯ শতাংশ জমি উদ্ধার করে লাল পতাকা টাঙ্গিয়ে দখলে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ জুলাই দৈনিক রাজবাড়ী কন্ঠ পত্রিকায় “ বালিয়াকান্দিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাক্তি মালিকানাধীন ও সরকারী জমি দখলের চেষ্টা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
