সময় রাত ১১:০৪, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজবাড়ী-২ঃ হারুনকে ধানের শীষের প্রার্থী করতে একাট্টা বিএনপি


পাংশা (রাজবাড়ী) ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। রাজবাড়ী-২ (বালিয়াকান্দি-কালুখালী-পাংশা) আসনে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সাধারন সম্পাদক হারুন-অর-রশিদ হারুনকে চুড়ান্ত ও ধানের শীষকে বিজয়ী করতে সকল মতভেদ ভুলে একাট্টা হয়েছে বিএনপি নেতা-কর্মীরা। ধানের শীষের টিকিট নিশ্চিত করা ও বিজয়ী করতে মঙ্গলবার বিকালে বালিয়াকান্দি উপজেলা যুবদল প্রস্তুতি সভা করেছে।
বালিয়াকান্দি ইউনিয়নের আমতলা উপজেলা যুবদলের সভাপতি মোঃ জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা বিএনপির সদস্য চৌধুরী মাহফুজুল কবির জুয়েল, এস,এম মিজানুর রহমান বিল্লাল, ইসহাক আলী মিয়া ফেলা, গোলাম সরোয়ার ভুঁইয়া, আসাদুজ্জামান আসাদ, আলমগীর হোসেন, যুবদল নেতা আবুল কালাম আজাদ বকুল, সবুজ আহম্মেদ, ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম শৈকত, ইয়ারুল শেখ, ফরিদ আহম্মেদ আশিক, উজ্জল মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, এক যুগেরও বেশী সময় ধরে বিএনপি’র রাজনীতিতে জেলা বিএনপির সাধারন সম্পাদক হারুন-অর রশিদ হারুন হাল ধরেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন বোর্ড তিন’জনকে মনোনয়ন পত্রের চিঠি হস্তান্তর করেছেন। তবে দলের দুঃসময়ে হারুন-অর রশিদ হারুন হাল ধরেছেন। এ কারণে হারুনের মনোনয়ন চুড়ান্ত করলে ধানের শীষকে বিজয়ী করা সম্ভব হবে। এ জন্য প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার প্রত্যয় ব্যাক্ত করেন। এতে নেতাকর্মীরাও ব্যাপক উজ্জীবিত হতে দেখা যায়।
জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম শওকত সিরাজ বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির সাধারন সম্পাদক হারুনকে মনোনয়ন নিশ্চিত করতে হবে। তাহলেই বিজয় সম্ভব। তৃনমুল বিএনপি নেতাকর্মীরা চান হারুনকে। এ জন্য নীতি নির্ধারকদের এ দাবী মেনে নেওয়া উচিত।
কালুখালী উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান তোতা বলেন, দলের দুঃসময়ে হারুন অর রশিদ কাজ করেছেন। এজন্য তাকে মনোনয়ন চুড়ান্ত করলে শতভাগ বিজয় নিশ্চিত করা সম্ভব।
পাংশা পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম রিংকু বলেন, দলের জন্য কাজ করতে গিয়ে হামলা-মামলার শিকার হয়েছে তাদের পাশে দাড়িয়েছেন হারুন-অর রশিদ। তাকে মনোনয়ন চুড়ান্ত প্রত্যাশা করছি।
বালিয়াকান্দি উপজেলা যুবদলের সভাপতি জাফর আলী মিয়া বলেন, গণতন্তের মা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আগামী দিনের আন্দোলন বেগবান করতে হারুন অর রশিদকে মনোনয়ন চুড়ান্ত করতে হবে। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত। এ লক্ষে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে প্রস্তুতি সভা শুরু করেছি।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী