সময় সকাল ৮:৩৭, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

তানোরে ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

রাজশাহী বিভাগীয় চীফ : রাজশাহীর তানোরে বালুবাহী ট্রাকের চাপায় মারা গেছেন সাধন কুমার (৩১) নামের এক বাইসাইকেল আরোহী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তানোর-চৌবাড়িয়া সড়কের চাপড়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাধন কুমার উপজেলার পারিশা দুর্গাপুর গ্রামের শংকর কুমারের ছেলে। পরে রাস্তা অবরোধ করে ঘাতক ট্রাকটি (বগুড়া-ট-০২-০৪১৯) আটক করেছে জনতা। তবে পালিয়ে গেছেন এর চালক ও তার সহকারী। এনিয়ে থানায় মামলা দায়ের করেছেন নিহতের চাচাতো ভাই রবীন্দ্রনাথ। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে সাধন কুমার বিদ্যুৎ বিল ও ইনসুরেন্সের কিস্তির টাকা জমা দিতে তানোর সদরে যাচ্ছিলেন। পথে তানোর-চৌবাড়িয়া সড়কের চাপড়া ব্রীজের কাছে পৌঁছালে বিপরীতগামী বালু বোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই সাইকেল আরোহী। ওসি আরো বলেন, পালিয়ে যাবার সময় উপজেলার কামারগাঁ এলাকায় জনতা রাস্তা অবরোধ করে ট্রাকটি আটক করেছেন। তবে তার আগেই চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। জব্দকৃত ট্রাকটি থানায় নিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী