সময় সকাল ৬:৫৭, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চাটমোহর পৌরবাসির জনদূর্ভোগ চরমে

রাজশাহী বিভাগীয় চীফ : অসংখ্য খানা-খন্দে ভরা চাটমোহর পৌরসভার সড়কে এখন জনদূর্ভোগ চরমে উঠেছে। জনগণকে অবর্ননীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে। যানবাহনে কেন,পায়ে হেঁটে চলাই দুষ্কর। সামান্য বৃষ্টিতেই যেখানে সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সেখানে কয়েক দিনের টানা বৃষ্টিপাতে আরো বেহাল দশা। তারপরও পৌর কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট কারো কোন মাথা ব্যাথা নেই এই সড়ক নিয়ে। যত মাথা ব্যাথা পৌরবাসীর। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতে চরম দূর্ভোগে পতিত চাটমোহর পৌরবাসী। খানা-খন্দ পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। রিক্সা-ভ্যান,নসিমন-করিমন,সিএনজিসহ গণ পরিবহণ চলাচল দুরুহ হয়ে পড়েছে। ঘটছে দূর্ঘটনা। চাটমোহরস্থ পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তর থেকে বাসস্ট্যান্ড হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড এবং পুরাতন বাজার থেকে উপজেলা পরিষদ চত্বর হয়ে হাইস্কুল মোড় পর্যন্ত সড়ক এখন জনগণের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। পৌর কর্তৃপক্ষ আর্থিক সংকটের কারণে নাকি সড়ক সংস্কার করতে পারছে না। সম্প্রতি একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সড়ক সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দ্রুতই তারা সংস্কার শুরু করবে। এজন্য কোন দরপত্র আহবান করা হবে না। ঠিকাদার অর্থ প্রাপ্তি সাপেক্ষে বিল পাবেন। চাটমোহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু বলেন,সড়কের বেহাল দশার কারণে ব্যবসা-বানিজ্যে মন্দাভাব চলছে।” সামান্য বৃষ্টিতে বাসস্ট্যান্ড মোড়,হাসপাতাল মোড়,থানা মোড়সহ বিভিন্ন পয়েন্টে পানি জমে থাকে। এতে চরম দূর্ভোগে পড়েন পথচারীরা। পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল বললেন,“সড়কটির সংস্কার খুব শীঘ্রই হবে। ভাঙ্গাচোরা রাস্তাগুলো সংস্কারের চেষ্টা চলছে।বৃষ্টির জন্য কাজ শুরু করা যাচ্ছে না। তবে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় থেকে হাসপাতাল সড়কটি সড়ক ও জনপথ বিভাগের,ফলে পৌরসভা এখানে কাজ করতে পারছে না।”

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী