সময় রাত ২:১৮, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজশাহীর পদ্মায় নৌকাডুবিতে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

রাজশাহী বিভাগীয় চীফ : রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়েছে। নৌকা ডুবে যাওয়া এলাকার পাশ থেকেই ওই দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
মৃত দুই শিক্ষার্থী হলো- বাঘা উপজেলার আড়াইচান্দপুর গ্রামের মন্টু আলীর ছেলে সুমন আলী (১৭) ও একই উপজেলার খানপুর গ্রামের চাঁদ সর্দারের ছেলে মনিরুল ইসলাম (১৫)। এদের মধ্যে সুমন উচ্চ মাধ্যমিক ও মনিরুল দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রাজশাহীর সদর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, মৃত দুই শিক্ষার্থীই হতদরিদ্র পরিবারের সন্তান। তারা অন্যের জমিতে কাজ করার পাশাপাশি পড়াশোনাও করত। শুক্রবার সকালে তারা দু’জন বাঘার খেয়াঘাট এলাকায় পাট কাটতে যায়।
নদীর ওপারে পাচের জমিতে যেতে আরও ৪৫ থেকে ৫০ জন শ্রমিকের সঙ্গে তারা নৌকায় ওঠে। কিন্তু মাঝ নদীতে গিয়ে ভার সামলাতে না পেরে নৌকাটি ডুবে যায়। এরপর অন্যরা সাঁতরে পারে উঠলেও এই দুই শিক্ষার্থী নদীতে তলিয়ে যায়।
খবর পেয়ে তারা বেলা ১১টার দিকে সেখানে পাঁচ সদস্যের ডুবুরি ইউনিট পাঠান। তাদের সঙ্গে নাটোরের লালপুর দমকল বাহিনীর একটি ইউনিটও যৌথভাবে পদ্মা নদীতে উদ্ধার কাজ শুরু করে। পরে দুপুর ১টা ৭ মিনিটের দিকে নদীর তলদেশে ওই দুই শিক্ষার্থীর লাশ একসঙ্গেই পাওয়া যায়।
এদিকে লাশগুলো উদ্ধারের পর খানপুর বাজারে নিয়ে যাওয়া হয়। এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে সেখানকার পরিবেশ। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ঘটনাস্থলে ছুঁটে যান।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী