কৃষক
সংকর অনার্য
(সনেট-৬)
কুয়াশার ধুতি পরে কারা হেটে যায়,
কাকগুলো কাকা রবে দিয়ে যায় সাড়া,
বাকী সব এখনোতো রয়েছে কোলায় ?
লেজ মলে গরুগুলো হেকে নেয় কারা,
কোথায় পেয়েছে তারা এ জীবন ধারা ?
চল চল রব উঠে পাড়ায় পাড়ায় ,
বেদনার উৎসবে নেচে উঠে পাড়া,
অতি ভোরে নিয়োজিত কোন সাধনায় ।
মাঠ হতে ঘর পানে, ঘর হতে মাঠ ,
সকাল হতে গোধূলি সন্ধ্যা হতে ভোর ,
দাঁড়াবার সময় নেই কর্ম প্রচুর ,
অপলক চেয়ে থাকে আকাশ বিরাট ।
আমিত অকর্মা ভাই, কবি কোথাকার ,
দূর হতে জোড় হাতে করি নমস্কার ।
