সময় সন্ধ্যা ৭:০৯, বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পরকিয়ায় বাধা দেওয়ায় স্বামীর প্রেমিকার আগুনে দগ্ধ গৃহবধূ

রাজশাহী বিভাগীয় চীফ :
রাজশাহীতে রেখা বেগম (৪০) নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তার বান্ধবীর বিরুদ্ধে। স্বামীর সঙ্গে পরকিয়ায় বাধা দেয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গৃহবধূর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেন বান্ধবী ফেরদৌসী বেগম (৪০)।
অগ্নিদগ্ধ রেখা নগরীর তেরখাদিয়া এলাকার কামরুল ইসলামের স্ত্রী। তার বাবার বাড়ি নগরীর হেতেম খাঁ এলাকায়। স্বামীর সঙ্গে নগরীর কলাবাগান এলাকায় থাকতেন রেখা। এদিকে ফেরদৌসী বেগম নগরীর পাঠানপাড়া এলাকার আব্দুল লতিফের স্ত্রী। ফেরদৌসীর বাবা আলম হোসেনের বাড়ি ঘটনাস্থলের পাশের কসাইপাড়া মহল্লায়।
অগ্নিদগ্ধ ওই গৃহবধূর দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনার পরপরই ফেরদৌসী বেগমকে আটক করে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এনিয়ে রাতেই মামলা দায়ের করেন রেখা বেগমের ভাই নওশাদ আলী। ফেরদৌসী বেগমকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নেয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে (২৯ নম্বর ওয়ার্ডে) চিকিৎসাধীন অগ্নিদগ্ধ ওই গৃহবধূ।
বার্ন ইউনিটের চিকিৎসক আফরোজা নাজনীন জানান, রেখা বেগমের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তারা সাধ্যমত চিকিৎসা দিচ্ছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া প্রয়োজন বলেও জানান এ চিকিৎসক।
শুক্রবার সকালে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, খবর পেয়ে রাতে হাসপাতালে গিয়ে অগ্নিদগ্ধ রেখার জবানবন্দী নেয় পুলিশ। বান্ধবী ফেরদৌসী বেগম তার শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেন বলে জানিয়েছেন ওই গৃহবধূ।
পরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ফেরদৌসী বেগমকে আটক করা হয়। এনিয়ে রাতেই রেখা বেগমের ভাই নওশাদ আলী বাদী হয়ে ফেরদৌসী বেগমকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন। গ্রেফতার ফেরদৌসীকে আদালতে নেয়ার প্রস্তুতি চলছে।
ঘটনার শিকার রেখা বেগমের ভাই নওশাদ আলীর ভাষ্য, তার বোন জামাই কামরুল ইসলামের সঙ্গে রেখার বান্ধবী ফেরদৌসীর পরকিয়ার চলছিলো দীর্ঘদিন ধরেই। তাতে বাধা দেয়ায় শুরু হয় অশান্তি। পরিত্রাণ পেতে বৃহস্পতিবার বিকেলে হযরত শাহ মখদুম (রা.) মাজারে যান রেখা। সেখানে মাগরিব নামাজ আদায় শেষে দোয়া করেন।
পদ্মাপাড় ধরে বেরিয়ে যাবার সময় আগে থেকেই অবস্থান নেয়া ফেরদৌসী রেখার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান। প্রাণ বাঁচাতে এসময় পদ্মায় ঝাঁপ দেন রেখা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী