রাজশাহী বিভাগীয় চীফ : অবৈধ ইজিবাইকে ভরে গেছে পাবনা। জেলার প্রতিটি উপজেলার সব জায়গায় ইজিবাইক চলছে। প্রধান সড়কগুলোতে এসব যানের কারণে অন্যান্য যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।
সরেজমিনে প্রতিবেদন করতে গিয়ে দেখা গেছে, শহরের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকায় সার বেঁধে দাঁড়িয়ে আছে ইজিবাইক।
আবার বিভিন্ন স্থানে যত্রতত্র যাত্রী তোলা হচ্ছে রাস্তার ওপরেই। ইজিবাইকের গতি ও নিয়ন্ত্রণব্যবস্থা অন্যান্য যানবাহনের তুলনায় দুর্বল হওয়ায় এসব বাহন ধীরগতিতে চলছে।
এতে অন্যান্য যানবাহন স্বচ্ছন্দে চলাচল করতে পাছে না। অনেক জায়গায় দেখা গেছে, শিশু-কিশোরেরাও ইজিবাইক চালাচ্ছে।
এমন দু-তিনজনের সঙ্গে কথা বলে জানা গেল, তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। গাড়ি চালানোর সঠিক নিয়মও জানা নেই। ট্রাফিক আইন ও নীতিমালা সম্পর্কে কোনো ধারণা নেই।
মোটরযান নীতিমালার আওতায় ইজিবাইক না পড়ায় এসব যানের নিবন্ধনেরও কোনো সুযোগ নেই। এ কারণে ইজিবাইকের প্রকৃত সংখ্যা জানা নেই জেলা ট্রাফিক পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জেলা শাখারও।
জেলা ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা বলেন, ইজিবাইক মোটরযানের সংজ্ঞার মধ্যে পড়ে না, তাই নিবন্ধনও করা হয় না। এ কারণে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ট্রাফিকিং ব্যবস্থা ব্যাহত হচ্ছে।
পাবনা জেলা পুলিশের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, ‘ইজিবাইক শুধু পাবনাতেই না, সারা দেশে সয়লাব হয়ে গেছে। জেলায় যানজটের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে ইজিবাইক। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ইজিবাইকের সংখ্যা এখন এত বেশি যে এটি বন্ধ করে দেওয়া সম্ভব না। এর সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে অনেক মানুষ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনই কোনো ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে। আপাতত আমাদেরও কিছু করার নেই।’
অবৈধ বাইকের ছড়াছড়ি পাবনায়
নিউজ আপডেট টাইম : সেপ্টেম্বর, ৮, ২০১৭, ৪:৪৩ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
129 বার
