বিনোদন ডেক্স: গত ২ জুন এবেলা ওয়েবসাইটের একটি প্রতিবেদনে লেখা হয়েছিল যে বেশ কিছু নতুন চমক আসতে চলেছে ‘পটলকুমার গানওয়ালা’ ধারাবাহিকে। বিগত একমাস ধরেই টেলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছিল যে এই ধারাবাহিকে এবার একটি টাইম লিপ হতে পারে। টাইম লিপ মানেই চরিত্রের বয়স বেড়ে যাওয়া এবং সেক্ষেত্রে স্বাভাবিক ভাবেই ধারাবাহিকের প্রধান দুই চরিত্র, তুলি ও পটল আর শিশু থাকবে না, তরুণী হয়ে উঠবে।
সম্প্রতি এয়ার হওয়া নতুন প্রোমোতে সেই চমকটাই দেখা গেল। প্রোমোর শুরুতেই ভেসে ওঠে— ‘বারো বছর পরে’। অর্থাৎ সবার আদরের পটেশ্বরী এখন তরুণী এবং সেই ভূমিকায় দেখা যাবে নতুন অভিনেত্রীকে। আর সেই ছোট্ট মেয়েটির ভুবনভোলানো হাসি দেখতে পাবেন না বাংলা টেলিভিশনের দর্শক। অনেকেরই হয়তো মন খারাপ হচ্ছে এটা শুনে। খুদে পটলকে মিস করবেন না, এমন দর্শকের সংখ্যা নেহাতই হাতে গোনা।
পরিচালকের সঙ্গে খুদে পটল। ছবি: স্বর্ণেন্দুর ফেসবুক প্রোফাইল থেকে
দর্শকদের থেকেও ছোট্ট পটল অর্থাৎ হিয়া দে-কে বেশি মিস করবে গোটা ইউনিট। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার এবেলা ওয়েবসাইটকে জানালেন, ‘‘প্রচণ্ডভাবে মিস করব ওকে। একদম প্রথমদিন ওয়র্কশপ থেকে তো দেখছি। ও যখন এসেছিল তখন তো আরও ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। ফ্লোরে নানান দুষ্টুমি, ইয়ার্কি-ঠাট্টা-মারামারি, চকোলেট নিয়ে কাড়াকাড়ি… আমরা তো একটু অন্যভাবে কাজটা করি, ডিরেক্টর-অ্যাক্টরদের মধ্যে যে সম্পর্কটা হয়, সেটা কখনওই ওর সঙ্গে হয়নি। ওর রিপ্লেসমেন্ট হয় না… আমরা রিপ্লেস করতেও চাইছি না। কিন্তু গল্পের খাতিরে, গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওকে ছাড়াই এবার কাজটা করতে হবে। পটল তো বড় হয়ে যাচ্ছে, কাজেই আর তো ছোট্ট পটলকে দেখতে পাওয়া যাবে না। থাউজ্যান্ড টাইম মিস করব ওকে।’’
তরুণী পটেশ্বরীর ভূমিকায় মৌসুমি দেবনাথ। ছবি: মৌসুমীর ফেসবুক প্রোফাইল থেকে
তবে হিয়া তা বলে টেলিভিশন থেকে বিদায় নিচ্ছে না। তাকে যে খুব তাড়াতাড়ি অন্য প্রজেক্টে দেখা যাবে, সেই ইঙ্গিতও দিলেন পরিচালক। কিন্তু তরুণী পটেশ্বরী? তাঁকে কীভাবে নির্বাচন করা হল চরিত্রের জন্য? স্বর্ণেন্দুই জানালেন, ‘‘তরুণী পটেশ্বরীর ভূমিকায় যিনি অভিনয় করছেন তাঁর নাম মৌসুমি দেবনাথ। আমরা প্রায় ৩০০ থেকে ৫০০ জনকে অডিশন করেছিলাম। সেখান থেকে শর্টলিস্ট করা হয়েছিল কয়েকজনকে। তার পর তাদের ওয়র্কশপ করানো হয়, সেখান থেকেই ওকে আমরা বেছে নিই। এটাই ওর প্রথম কাজ। আশা করা যায় দর্শকদের ভাল লাগবে ওকে।’’
ধারাবাহিকের এই টাইম লিপে বহু নতুন চরিত্রের সংযোজন হবে বলাই বাহুল্য। তরুণী পটেশ্বরীর মতো তরুণী তুলিকেও দেখা যাবে তবে সেই চরিত্রে কে অভিনয় করছেন, সেটা এখনই জানাতে নারাজ পরিচালক। গতকাল এয়ার হওয়া প্রোমোতে দেখা গিয়েছে, পটেশ্বরীর জীবনে আসতে চলেছে এক নতুন মানুষ। কে সেই রহস্যময়? ধারাবাহিকে তার পরিচয় ক্রমশ প্রকাশ্য হলেও বাস্তবের অভিনেতার পরিচয় গোপন নয় কারণ টেলিভিশনে তিনি বেশ পরিচিত একটি মুখ— রুদ্রজিৎ মুখোপাধ্যায়।
রুদ্রজিৎ মুখোপাধ্যায়। ছবি: রুদ্রজিতের ফেসবুক প্রোফাইল থেকে
এর আগে কালারস বাংলা-র ‘মা দুর্গা’ ধারাবাহিকে তাঁকে মহাদেবের ভূমিকায় দেখেছেন দর্শক। সম্প্রতি ‘অগ্নিজল’-এও তাঁকে ‘গাঙ্গেয়’ চরিত্রে দেখা গিয়েছে। ‘পটলকুমার গানওয়ালা’-র এই নতুন ট্র্যাক নিয়ে দর্শকদের কৌতূহল তো থাকবেই। পটেশ্বরীর দুঃখে ভরা, ঘটনাবহুল জীবনে কীভাবে ধরা দেবে প্রেম? তুলি কি তার প্রেমের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে? নাকি তুলির জীবনেও আসবে নতুন কোনও নায়ক? বারো বছর পরে কোথায় গিয়ে দাঁড়াবে তুলি ও পটলের সম্পর্ক? এই সব নিয়ে বেশ জমজমাট হয়ে উঠবে আগামী পর্বগুলি।
দেখে নিন ধারাবাহিকের নতুন প্রোমো নীচের লিঙ্কে ক্লিক করে
