সময় সকাল ৮:৫৭, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

কে কতগুলো পরমাণু বোমার অধিকারী

বিশ্বে বর্তমানে পারমাণবিক অস্ত্রের সংখ্যা ৯ হাজার ৯শ’ ২০টি। এই পারমাণবিক অস্ত্র দিয়ে গোটা বিশ্বকে বহুবার পুরোপুরি ধ্বংস করা সম্ভব। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট-এসইপিআরআই এ তথ্য জানিয়েছে।
বিশ্বে প্রথম পরমাণু বোমা প্রস্তুতকারক এবং এর প্রয়োগকারী দেশ যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে এ মারণাস্ত্রের ব্যবহার করে যুক্তরাষ্ট্র। এসইপিআরআই এর তথ্য অনুযায়ী, বর্তমানে ৬ হাজার ৮০০ পরমাণু বোমা রয়েছে যুক্তরাষ্ট্রের। যার মধ্যে সক্রিয় এক হাজার ৮০০টি।
১৯৪৯ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় রাশিয়া। বর্তমানে ৭ হাজার পারমাণবিক বোমা আছে মস্কোর। যার মধ্যে এক হাজার ৯শ’ ৫০ টি বোমা সক্রিয়।
ফ্রান্সের কাছে পরমাণু ওয়ারহেড আছে ৩শ’ কাছাকাছি। যার মধ্যে অন্তত ২৮০টি সক্রিয়। দেশটির পারমাণবিক বোমার বেশির ভাগই রয়েছে সাবমেরিনে। অন্তত একটি ফরাসি সাবমেরিন সবসময় পারমাণবিক বোমা নিয়ে টহল দেয়।
২১৫টি পরমাণু বোমা রয়েছে যুক্তরাজ্যের কাছে। যার মধ্যে ১২০টি সক্রিয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই স্থায়ী সদস্য, ১৯৫২ সালে প্রথম পরমাণু পরীক্ষা চালায়।
২৭০টি পরমাণু বোমা আছে চীনের। তবে সক্রিয় পরমাণু বোমার সংখ্যা নিয়ে নিশ্চিত কোন তথ্য নেই। রাশিয়া বা যুক্তরাষ্ট্রের তুলনায় সংখ্যাটা কম হলেও, ধীরে ধীরে এই সংখ্যা বাড়াচ্ছে বেইজিং। স্থল, আকাশ বা সমুদ্রপথে এসব বোমা ছোঁড়া সম্ভব।
পাকিস্তানের কাছে রয়েছে ১২০ থেকে ১৩০টি পরমাণু বোমা। সাম্প্রতিক সময়ে পরমাণু বোমার সংখ্যা বাড়িয়েছে দেশটি।
ভারত প্রথম পরমাণু পরীক্ষা চালায় ১৯৭৪ সালে। দেশটির কাছে ১১০ থেকে ১২০টি পরমাণু বোমা রয়েছে।
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে সবচেয়ে বেশি ধোঁয়াশা রয়েছে। এ পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার কাছে ১০টির কম পরমাণু বোমা রয়েছে। তবে দেশটির নিজেদের এ ধরনের বোমা তৈরির সক্ষমতা রয়েছে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।
অন্যদিকে ইসরায়েল অবশ্য নিজের দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেমন কিছু জনসমক্ষে প্রকাশ করে না। তবে দেশটিতে ৮০টি মতো পরমাণু ওয়ারহেড আছে বলে ধারণা করা হয়।
সূত্র : ইন্টার‌নেট

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী