সময় ভোর ৫:৩৬, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

কাবুলে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ১০ সাংবাদিকসহ কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন

আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ সোমবার জোড়া আত্মঘাতী বোমা হামলায় ১০ সাংবাদিকসহ কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। সাংবাদিক ছাড়াও নিহত হয়েছেন পুলিশের চারজন কর্মকর্তা। ভয়াবহ এ হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ২০০১ সালে তালেবানের পতনের পর গণমাধ্যমকর্মীদের ওপর আফগানিস্তানে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা।

স্থানীয় সময় সকাল আটটার কিছু আগে কাবুলে অবস্থিত আফগান গোয়েন্দা বাহিনীর সদর দপ্তরের কাছে প্রথম বিস্ফোরণটি ঘটানো হয়। আত্মঘাতী বোমা হামলাকারী একটি মোটরসাইকেলে করে এসে নিজেকে উড়িয়ে দেয়।

কাবুল পুলিশের মুখপাত্র হাশমত স্টানিকজাই বলেছেন, প্রথম বিস্ফোরণের কয়েক মিনিট পরই দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন গণমাধ্যমকর্মী ও পুলিশের সদস্যরা। তখনই দ্বিতীয় হামলাটি চালানো হয়। তিনি বলেন, ‘হামলাকারী সাংবাদিকের ছদ্মবেশে এসেছিল। এরপর ভিড়ের মধ্যেই সে নিজেকে উড়িয়ে দেয়।’

দুই দফা হামলায় ২৯ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় ৪৯ জন আহত হয়েছেন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে দ্য গার্ডিয়ানের খবরে কাবুলে জোড়া আত্মঘাতী হামলায় ১০ সাংবাদিকসহ ৩৬ জন নিহতের কথা বলা হয়েছে।

বিবিসির সাংবাদিক আহমদ শাহ কাবুলে নিহত হয়েছেন। ছবি: বিবিসির সৌজন্যবার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলায় কাবুলে বার্তা সংস্থাটির প্রধান আলোকচিত্রী শাহ মারাই নিহত হয়েছেন। এ ছাড়া বিবিসি জানিয়েছে, আফগানিস্তানের খোস্ত অঞ্চলে পৃথক একটি হামলায় নিহত হয়েছেন তাঁদের সাংবাদিক আহমেদ শাহ।

আফগান টিভি চ্যানেল আইটিভি জানিয়েছে, তাদের প্রতিবেদক গাজী রাসুলি ও ক্যামেরাম্যান নওরোজ আলি রাজাবিও হামলায় প্রাণ হারিয়েছেন।

রেডিও ফ্রি ইউরোপের দাবি, ভাষা-ভিত্তিক সেবা আজাদি রেডিও জানিয়েছে, হামলায় আবাদুল্লাহ হানানজাই ও মোহাররম দুররানি নামের তাদের দুই কর্মী নিহত হয়েছেন।

গাড়িচালক থেকে আলোকচিত্রী শাহ মারাই
শাহ মারাই ছিলেন কাবুলে বার্তা সংস্থা এএফপির প্রধান আলোকচিত্রী। ছয় সন্তানের মধ্যে একমাত্র মেয়ের বয়স এক মাসও হয়নি। এপ্রিলের শুরুতে ঘর আলো করে এসেছে সে। এতটাই আনন্দিত হয়েছিলেন যে শত ব্যস্ততার মধ্যেও সন্তান ভূমিষ্ঠ হওয়ার আনন্দ উদযাপন করতে ভোলেননি শাহ মারাই। সহকর্মীদের সঙ্গে কর্মস্থলেই কন্যাসন্তানের বাবা হওয়ার আনন্দটা ভাগাভাগি করেছিলেন। কিন্তু সেই আনন্দটা দীর্ঘায়িত করতে পারলেন না।

১৯৯৬ সালে তালেবানের ক্ষমতা দখলের বছরে এএফপিতে গাড়িচালক হিসেবে যোগ দেন শাহ মারাই। এর পাশাপাশি ছবিও তুলতেন। ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন হামলার খবরও সংগ্রহ করেন তিনি। এরপর ২০০২ সালে তিনি এএফপির পূর্ণকালীন আলোকচিত্রী হিসেবে নিয়োগ পান। শেষে কাবুল ব্যুরো অফিসের প্রধান আলোকচিত্রী হিসেবে নিয়োগ পান তিনি।

কাবুলে বার্তা সংস্থা এএফপির প্রধান আলোকচিত্রী শাহ মারাই নিহত হয়েছেন। ছবি: এএফপিআইএস তাদের বার্তা সংস্থা আমাকের মাধ্যমে জানিয়েছে, কাবুলে সোমবারের আত্মঘাতী বোমা হামলা তারাই চালিয়েছে। হামলাকারীদের ছবিও পোস্ট করেছে তারা।

আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলা বেড়েছে। গত সপ্তাহেই কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হন। তখন তালেবান বলেছিল, আফগানিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কৌশলে জবাবে এ হামলা। গত বছরের আগস্টে ট্রাম্প-ঘোষিত ওই কৌশল অনুযায়ী আফগানিস্তানে বিদ্রোহীদের দমনে আরও ক্ষমতা পেল মার্কিন বাহিনী।

উদ্ভূত পরিস্থিতিতে বেশ চাপের মুখে রয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। আগামী অক্টোবরেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু চলমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে এই নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি নিরাপত্তা বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কর্মকর্তারাও স্বীকার করেছেন, তালেবান ও অন্যান্য জঙ্গিগোষ্ঠী দেশটির বড় অংশ এখনো নিয়ন্ত্রণে রাখায় অথবা সেখানে প্রতিদ্বন্দ্বিতা অক্ষুণ্ন রাখায় তাঁদের জন্য নিরাপত্তা ইস্যুটি বড় উদ্বেগের কারণ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী