সময় সন্ধ্যা ৭:৪৬, মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

ছোট পর্দার বাঁধনের নতুন চলচ্চিত্র ‘দহন’

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় তারকা বাঁধন এবার চলচ্চিত্রে অভিনয় করবেন। তাঁর নতুন ছবি ‘দহন’। জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে জমকালো এক আয়োজনে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় মঞ্চে আনা হয় বাঁধনকে।

সবার শুভকামনা চেয়ে বাঁধন বলেন, ‘“দহন” ছবির গল্প এবং স্ক্রিপ্ট আমাকে মুগ্ধ করেছে। ছয় মাস ধরে ছবির জন্য নিজেকে প্রস্তুত করেছি। ১৬ কেজি ওজন কমিয়েছি। আরও ৫ কেজি কমানোর চেষ্টা করছি।’

বাঁধন আরও বলেন, ‘ছবিতে নিজের চরিত্রের জন্য বাইক চালানো শিখছি। এর আগে আমি কখনো বাইসাইকেলও চালাইনি। এখন বাইক চালানো শিখতে হচ্ছে।’

‘দহন’ একটি সামাজিক ও রাজনৈতিক গল্পের ছবি। পরিচালনা করবেন রায়হান রাফি। আগামী ১৫ মে থেকে ‘দহন’ ছবির শুটিং শুরু হবে। এ ছবিতে আরও অভিনয় করবেন সিয়াম ও পূজা চেরি।

আজকের অনুষ্ঠানে বাঁধনের সঙ্গে ছিল তাঁর মেয়ে সায়রা। আজ একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রার অভিভাবকত্ব পেয়েছেন বাঁধন। গত বছরের ৩ আগস্ট মেয়ের কাস্টডি চেয়ে মামলা করেছিলেন তিনি। ঢাকার দ্বাদশ সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক আজ সকালে দেওয়া রায়ে বলেছেন, ‘কন্যাশিশুর অভিভাবক হচ্ছেন মা। মায়ের জিম্মায়ই মেয়ে থাকবে। কন্যার সর্বোত্তম মঙ্গলের জন্য মায়ের সিদ্ধান্তই চূড়ান্ত।’ এই রায়ে তিনি আরও বলেন, ‘কন্যাশিশুকে নিয়ে মা দেশের ভেতরে এবং বাইরে যেতে পারবেন, যেহেতু মা-ই কন্যাশিশুর অভিভাবক।’

‘দহন’ ছবির মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, চিত্রনায়ক ওমর সানী, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, প্রযোজক ও পরিবেশক ইফতেখার উদ্দিন নওশাদ। আরও ছিলেন এভ্রিল, নুসরাত ফারিয়া, ইমরান, কনা, রোশান প্রমুখ।

বাঁধন প্রথম অভিনয় করেন ‘নিঝুম অরণ্যে’ চলচ্চিত্রে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী