কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের বাঁশঘাটা এলাকা থেকে গত বুধবার রাত ১০টার দিকে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গত ২৫ এপ্রিল সকাল ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিমপাড়া থেকে ওই ছাত্রী অপহৃত হয়।
চকরিয়া থানার পুলিশ জানায়, বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার মো. ইদ্রিছ নামের এক বখাটে ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় বিভিন্ন সময়ে ছাত্রীর পরিবার কয়েকবার বখাটের বাবা-মাকে বিচার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৫ এপ্রিল সকালে ইদ্রিছসহ তিন-চারজন বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে। অনেক জায়গায় খোঁজাখুঁজির পরও ওই ছাত্রীর খোঁজ না মেলায় ১ মে মেয়েটির ভাই বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক বলেন, প্রযুক্তির সাহায্যে অপহরণকারীদের অবস্থান শনাক্তের পর ঈদগাঁও বাঁশঘাটা এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মেয়েটিকে ফেলে অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে ওই মেয়েকে উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আজ বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে বিকেলে চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক অপহরণের শিকার ওই ছাত্রীর জবানবন্দি গ্রহণ করেন।
