সময় বিকাল ৪:৩৮, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বিএনপি নেতা মোমিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৩ অভিযোগ

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাঁর বিরুদ্ধে ১৯ জনকে হত্যা ও গণহত্যা এবং ১৯টি বাড়ি লুট করে অগ্নিসংযোগের পৃথক তিনটি অভিযোগ আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে তদন্ত সংস্থার ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান এই তথ্য জানান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থার জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা এম সানাউল হক, অভিযোগের তদন্ত কর্মকর্তা জেড এম আলতাফুর রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আবদুল মোমিন তালুকদারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়টি ২০১৬ সালের ১৮ জানুয়ারি তদন্ত শুরু করে সংস্থা। আজ আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

অভিযোগে বলা হয়, আবদুল মোমিন তালুকদার মুক্তিযুদ্ধের সময় অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুট, অগ্নিসংযোগ, হত্যা ও গণহত্যা করেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ২৪ জন সাক্ষী আছেন। জব্দ তালিকার সাক্ষী পাঁচজন।

আবদুল মোমিন তালুকদার বগুড়ার আদমদীঘি উপজেলা এলাকায় অপরাধ সংগঠন করেছেন বলে জানায় সংস্থা। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ হিসেবে বগুড়া জেলার রাজাকার তালিকা এবং বিভিন্ন দৈনিক সংবাদপত্রের কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তিনি এখন পলাতক রয়েছেন বলে জানানো হয়। তাঁর বিরুদ্ধে মোট ৭১৪ পাতার তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী