ময়মনসিংহ শহরের নওমহল এলাকার একটি বাড়ি থেকে গতকাল বুধবার রাতে ৮০০টি ইয়াবা বড়িসহ এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া পুলিশ কনস্টেবল ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা বড়িগুলো নিজের কাছে রেখেছিলেন।
গ্রেপ্তার হওয়া পুলিশ কনস্টেবলের নাম মোখছেদুল ইসলাম (৩২)। তাঁর বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায়। তিনি ময়মনসিংহ পলিশ লাইনে কর্মরত। গ্রেপ্তার হওয়া অপর দুজন হলেন সুনামগঞ্জ জেলার দেবাশীষ (১৯) এবং ময়মনসিংহ শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা সৌরভ (১৯)। দেবাশীষ ময়মনসিংহ শহরের একটি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত করে।
ময়মনসিংহ শহরের ১ নম্বর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, নওমহল এলাকার একটি বাড়িতে ভাড়ায় বসবাস করা একাধিক ব্যক্তি ইয়াবা বড়ি সেবন করেন। এক ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। গতকাল রাতে ওই ব্যক্তিরা ইয়াবা বড়িসহ ওই বাড়িতে আছেন—এমন সংবাদের ভিত্তিতে ফারুক হোসেন অভিযান চালান। তিনি কৌশলে বাড়ির মালিককে দিয়ে ডেকে দরজা খোলান। পরে ঘরে প্রবেশ করে তল্লাশি করে মোট ৮০০টি ইয়াবা বড়ি পায় পুলিশ। ওই সময় মোখছেদুলের পরিচয় জানতে পেরে তিনি ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন ঘটনাস্থলে গিয়ে মোখছেদুলসহ তিনজনকে গ্রেপ্তার করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোখছেদুল জানিয়েছেন, তিনি প্রথমে নিজে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকাসক্তি থেকেই তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। মাহমুদুল ইসলাম জানান, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে এসআই ফারুক হোসেন বাদী হয়ে মামলা করেন। আজ বৃহস্পতিবার রিমান্ড আবেদন করে মোখসেদুলসহ তিনজনকে আদালতে পাঠানো হবে।
