
গোয়ালন্দ ঃ আসন্ন ঈদুল ফিতরের সময় দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ঘাটে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনীসহ সবাইকে সচেতন থাকতে হবে। ঈদের সময় এ ঘাট দিয়ে ঘরমুখো যাত্রীরা নিরাপদে ঘরে ফিরতে পারে সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
সোমবার দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অথিতির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত এ কথা বলেন।
শিক্ষা প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু স্যাটালাইট-১ উৎক্ষেপণ করা সহজ ব্যাপার না উল্লেখ করে বলেন, স্যাটালাইট অনেক দেশই উৎক্ষেপণ করতে পারে নাই, কিন্তু আমরা পেরেছি। এ নিয়ে অনেকে বিভিন্ন মন্তব্য করছেন, যা ঠিক না। আসন্ন রমজানে বিদ্যুৎ সরবারাহ ভাল রাখার নির্দেশ দেন বিদ্যুৎ কর্তৃপক্ষকে। রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনকে সচেতন থাকতে হবে এবং নিয়মিত মনিটরিং করতে হবে।
পুলিশকে উদ্দেশ্যে করে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিষয়ে উপজেলার একটি ইউনিয়ন চিহিৃত করে কাজ শুরু করেন। একটি ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষনা করা গেলে অন্যান্য ইউনিয়ন মাদকমুক্ত করতে সহজ হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান মিয়া, সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, গোয়ালন্দ পৗরসভার প্যানেল মেয়র কোমল কুমার সাহা প্রমূখ।
আসন্ন ঈদে দৌলতদিয়া ঘাটের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে সবাইকে সজাগ থাকতে হবে -শিক্ষা প্রতিমন্ত্রী
নিউজ আপডেট টাইম : মে, ১৬, ২০১৮, ৬:১৫ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
193 বার
