সময় বিকাল ৩:৫২, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দির মেচুয়াঘাটা আদিবাসী পল্লীতে হামলা -রেকর্ড ও লীজের বিষয়টি সুরহা না হওয়া পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখতে ওসির নির্দেশে পরিবেশ শান্ত


বালিয়াকান্দি  ঃ  বিএস রেকর্ডে ব্যাক্তি মালিকানাধীন। আবার সরকারী ভাবে ব্যাক্তির নামে লীজ প্রদান করা হয়েছে। তাহলে কোনটি বৈধ। জমির মালিক কে? দুইদিন ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মেছুয়াঘাটা গ্রামের আদিবাসী পল্লীতে হামলা, ভাংচুরসহ নানা ধরনের ভীতি বিরাজ করছিল। কয়েকটি পরিবার হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল। থানা পুলিশের তৎপরতা ও ওসির পদক্ষেপে অবশেষে পরিবেশ শান্ত হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার দফায় দফায় আদিবাসী পল্লীতে হামলা চালায় চিহিৃত প্রভাবশালী চক্র। হামলায় নারী-পুরুষসহ ৬জন আহত হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে।
আদিবাসী নিখিল কুমার বিশ^াস জানান, ব্রিটিশ আমল থেকে আমরা মেছুয়াঘাটা এলাকায় চরদক্ষিণবাড়ী মৌজার বিএস ৫০১ নং খতিয়ানের ৪০৭২ নং দাগে ২৭ শতাংশ জমির ওপর বসবাস করছি। সম্প্রতি মুন্নু ফকীর, মনাক্কার ফকীর ও মনিরুল ফকীকেরা তিন ভাই আদিবাসী পল্লীর ১৪ শতাংশ জমি দখলের চেষ্টা চালায়। এনিয়ে একাধিক বার শালিসী বৈঠক হলেও শনিবার সকাল ১০টার দিকে প্রথমে মুন্নু ফকীরের দলবলসহ এসে জমি দখলের চেষ্টা চালায়। এসময় বাধা দিলে কালিদাসী বিশ্বাস (৬৫), বীনা রানী বিশ্বাস (৫০), প্রিয়ন্তি বিশ্বাস (৪৫), সবিতা বিশ্বাস (২৪), বিজলী বিশ্বাস (২৫), বিষ্ণু বিশ্বাস (২২) সহ ১০-১২জনকে মারধর করা হয়। আহতরা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। আহতদের মধ্যে বিজলী বিশ^াস (২৫) অন্ত.সত্ত্বা। পরে নিখিল বিশ^াস বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে মুন্নু ফকীরকে এক নম্বর আসামী করা হয়। দুপুর আড়াইটার দিকে মুন্নু ফকীরকে পুলিশ আটক করলে শতাধিক মানুষ হামলা চালায়। এসময় তারা মামলা তুলে না নিলে ঘর বাড়ী জ্বালিয়ে পুড়িয়ে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তারপর থেকেই আমরা পালিয়ে বেড়াচ্ছিলাম। পরে ওসির উপর দায়িত্ব প্রদান করা হয়। রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে মিমাংসা করে দেন। এতে আমরা খুশি।
হামলার নেতৃত্বদানকারী হিসেবে অভিযুক্ত বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান জানান, আদিবাসী পল্লীতে মুন্নু ফকীর সরকারি ভাবে ১৪ শতাংশ জমি ইজারা নিয়েছেন। কিন্তু আদিবাসীরা তা দখলে বাধা দিচ্ছিলো। শনিবার ওই জমি মাপজোঁখ করতে গিয়ে ছিলাম। কিন্তু আদিবাসীরা হামলা চালিয়ে জমির নকশার কাগজপত্র ছিড়ে ফেলে। জমির মাপকারী আমিনকে ধাক্কা দেয়। এসময় তাঁরা মুসলমানদের অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে।
তিনি বলেন, রমজান মাসে কয়েক ঘর আদিবাসী যদি সারা দুনিয়ার মুলমানদের নিয়ে গালাগাল করে তাহলে কি কারো ভালো লাগে। গালাগাল শুনে এলাকার মুসলমানরা তাদের ওপর ক্ষিপ্ত হয়। আমি ঘটনাস্থলে ছিলাম। উভয়পক্ষকে শান্ত করেছি। আদিবাসীদের বলেছি, সন্ধ্যার মধ্যে মুন্নু ফকীরকে থানা থেকে ফিরিয়ে আনতে। রবিবার বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম, এস,আই কায়সার হামিদ, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান আলীসহ দু,পক্ষের লোকজনের উপস্থিতিতে যে যে অবস্থায় আছে, তা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করা হয় একই সাথে লীজ বাতিল না হওয়া পর্যন্ত স্থিতিবস্থা বজায় থাকবে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌরভ বিশ^াস বলেন, ১০-১২ জন আদিবাসী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে বিজলী নামে একজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীণ আছেন। তিনি নয় মাসের অন্ত.সত্ত্বা। তাঁর কোমড়ে ও হাতে আঘাত করা হয়েছে।
নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী বলেন, রেকর্ড থাকা ও লীজ প্রদানের কাগজ থাকার কারণে বিরোধটি হয়েছে। লীজের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখার জন্য দু,পক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে। যদি কেউ ভয়ভীতি প্রদর্শন ও হামলা চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম বলেন, জমি নিয়ে বিরোধের কারনে আদিবাসীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় থানায় একজন থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের পর ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করে থানায় নিয়ে আসে। রবিবার সকালে সরেজমিনে গিয়ে স্থানীয় নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান আলীসহ দু,পক্ষের লোকজনের উপস্থিতিতে যে যে অবস্থায় আছে, তা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়। একই সাথে লীজ বাতিল না হওয়া পর্যন্ত স্থিতিবস্থা বজায় থাকবে। যদি লীজ বাতিল হয় তাহলে লীজ গ্রহিতা সেচ্ছায় জমির দখল ছেড়ে দেবে এ শর্তে সমঝোতা হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী