
পাংশা॥ সারাবিশ্বে জনপ্রিয়তার শীর্ষে থাকা খেলার নাম ‘ফুটবল। বিশ্বের প্রায় প্রতিটি দেশের মানুষের সাথে পরিচিত এই খেলাটি। যার প্রমাণ মেলে বিশ্বকাপ ফুটবল আসরে। এসময় ক্রীড়াপ্রেমী মানুষের মাঝে বিরাজ করে আনন্দ, উৎসাহ-উদ্দীপনা। রাজবাড়ীর পাংশাতেও এখন ছড়িয়ে পড়েছে বিশ্বকাপ ফুটবলের আমেজ। আগামী ১৪ জুন বৃহস্পতিবার ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ। এরই মধ্যেই পাংশা উপজেলার শহর ও গ্রামাঞ্চলের আকাশে-বাতাসে উড়তে শুরু করেছে সমর্থকদের প্রিয় দলের পতাকা। কে কার থেকে বেশী বড় পতাকা উত্তোলন করতে পারে তারও প্রতিযোগিতা চলছে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে। পতাকা বিক্রির ব্যবসাও এখন রমরমা। গতকাল মঙ্গলবার পাংশা পৌর শহরে দেখা যায় বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর পতাকা বিক্রি করতে। কথা হয় ঢাকার যাত্রাবাড়ী থেকে আসা হকার আকরামের সাথে। তিনি বলেন, বিশ্বকাপ ফুটবল আসলে এসব দেশের পতাকার চাহিদা বেশি থাকে। তবে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকায় বেশি বিক্রি হয়। এছাড়াও জার্মানি, ফ্রান্স ও স্পেনের পতাকাও বিক্রি হচ্ছে। ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত দামী পতাকা এসব সাধারণ হকারদের সংগ্রহে থাকে। প্রতিদিন তারা পতাকা বিক্রি করেই ৫০০ থেকে ১ হাজার টাকা আয় করেন। তবে বিক্রি আরো বাড়বে বলে জানান এই হকার। এসময় কয়েকজন ক্রেতা বলেন, চার বছরের অপেক্ষা শেষে আসে ফুটবল বিশ্বকাপ। কিন্তু তার আমেজ শুরু হয় প্রায় এক মাস আগে থেকেই। এবারও তার ব্যতিক্রম হয়নি। তাই প্রিয় দলের পতাকা কিনছি। প্রিয় দলের একটি খেলাও মিস করবনা। আর্জেন্টিনার পতাকা কিনলেন কেন এমন প্রশ্নের জবাবে এক ক্রেতা বলেন, জন্মের পর থেকেই ম্যারাডোনার কথা শুনেছি, আর এখন খেলছে মেসি তাই আর্জেন্টিনাকেই সমর্থন করি। ব্রাজিলের এক সমর্থক বলেন, বর্তমানে নেইমারের খেলা আমার খুবই ভাল লাগে, তাই ব্রাজিলের পতাকা কিনলাম। পাংশায় বিভিন্ন বাড়ির ছাদে উড়তে দেখা যাচ্ছে প্রিয় দলের পতাকা। চায়ের দোকানেও আলোচনার ঝড় এখন বিশ্বকাপ ফুটবলকে ঘিরে। সমর্থকদের মাঝে এই উৎসাহ-উদ্দীপনা চলবে পুরো রাশিয়া বিশ্বকাপ ২০১৮ জুড়ে
