
বালিয়াকান্দি ঃ প্রচন্ড তাপদাহ ও বৃষ্টির কারণে ক্ষেতেই শুকিয়ে যাচ্ছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন মরিচ ক্ষেত। মরিচ গাছ ক্ষেতেই শুকিয়ে যাওয়ার ফলে কৃষকের মাথায় হাত পড়ছে।
জানাগেছে, বালিয়াকান্দি উপজেলার খালকুলা, গোবিন্দপুর, ইকরচর, আড়কান্দি, চরআড়কান্দি, ভাটিপাড়া, ইলিশকোলসহ উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে মরিচের আবাদ হয়। বেশি মরিচের চাষ হয় খালকুলা এলাকায়। খালকুলার মরিচ দেশের বিভিন্ন বাজারে প্রসিদ্ধ। গত কয়েক দিনের বৃষ্টি ও তীব্র তাপদাহের কারণে ক্ষেতেই মরিচ গাছ শুকিয়ে যাচ্ছে। এতে কৃষকরা লোকসানের মুখে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
উপজেলার ইকরচর এলাকার একটি মরিচ ক্ষেতে দেখা যায় ক্ষেতেই মরিচ গাছ শুকিয়ে যাচ্ছে। কিছু কিছু গাছ খুবই সতেজ ও আবার কিছু গাছ শুকিয়ে যাচ্ছে। তবে মরিচ ক্ষেতটি স্যাত স্যাতে রয়েছে। মাটি গরমে পরিবেশও গরম হয়েছে।
কয়েকজন কৃষক জানান, বৃষ্টি ও ভ্যাপসা গরমের কারণে মাটিতে ভিজা থাকলেও গরমের কারণে মরিচ গাছের গোড়ায় পচন লাগছে। এতে ক্ষেতেই শুকিয়ে যাচ্ছে মরিচ গাছ।
