
পাংশা ॥ ১০ জুন রাজবাড়ীর-কুষ্টিয়া মহাসড়কের পাংশা সরদার বাসষ্ট্যান্ড এলাকায় সন্ধ্যায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আসিফ মল্লিক (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক ছাত্র গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর পরই ওই ২ শিক্ষার্থী মটর সাইকেল নিয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দিলে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাদের পাংশা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহত শিক্ষার্থী পৌর শহরের মাগুড়াডাঙ্গী গ্রামের ভিষন আহম্মেদ’র ছেলে জিম। নিহত আসিফ পাংশা পৌর শহরের মৈশালা গ্রামের নায়েব মল্লিকের ছেলে। সে এবছর রাজবাড়ী সরকারী কলেজ থেকে এইচ এসসি পরীক্ষায় অংশগ্রহন করেছিল। এ ঘটনায় নিহত আসিফ’র পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে ।
