সময় বিকাল ৩:২৫, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সমাবেশের বিকল্প ভেন্যু জানালো বিএনপি

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ দলীয় কার্যালয় নয়াপল্টনের বিকল্প আরামবাগ আইডিয়াল স্কুলের সামনে করতে চায় বিএনপি। এর বাইরে অন্য কোনো ভেন্যুতে সমাবেশ করবে না। মঙ্গলবার (৬ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ডিএমপিকে সাফ জানিয়ে দিয়েছি—সোহরাওয়ার্দী উদ্যান অনিরাপদ। সেখানে আমরা কোনো প্রোগ্রাম করব না।

বিএনপির সমাবেশের দিন ১০ ডিসেম্বর শনিবার ছুটির দিন বলে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘সেই দিন সেখানে আমরা প্রোগ্রাম করতে পারি। সুতরাং আমরা তাদের (ডিএমপি) কাছে সেই সহযোগিতা কামনা করেছি। আমরা দৃঢ়ভাবে আশাবাদী তারা সেই সহযোগিতা করবেন। না হলে নয়াপল্টন এরিয়ার মধ্যেই আমাদের থাকতে হবে।’

বিএনপিকে কোনো সড়কে সমাবেশের অনুমতি দেওয়া হবে না—পুলিশের এই বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘সড়ক ছাড়া কোথায় করব? আমরা তো রাজপথের লোক রাজপথেই করব। আমরা রাজপথকে বেছে নিয়েছি। ইনশাআল্লাহ তারা রাজপথে আমাদের প্রোগ্রাম করতে দিতে বাধ্য হবে। আশা করছি, সেই সহযোগিতা আমাদের করবেন। না হলে সেই দায়দায়িত্ব তাদের নিতে হবে।’

এ্যানী বলেন, আমরা আশাবাদী—তারা বিএনপি অফিসের সামনেই আমাদের প্রোগ্রাম করতে দেবেন। যদি না দেন, তা হলে বিকল্প প্রস্তাব হিসেবে আরামবাগ আইডিয়াল স্কুলের সামনে দেওয়ার জন্য সহযোগিতা করবেন। আমরা আগেও বলেছি—সোহরাওয়ার্দী উদ্যান অনিরাপদ। সেখানে প্রোগ্রাম করব না। দায়িত্ব নিয়ে বলেছি, নয়াপল্টনে শান্তিপূর্ণ সমাবেশ করব।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী