সময় বিকাল ৪:৩৬, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী চন্দনীতে ঈদগাহ মাঠের উন্নয়ন কাজকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ এলাকায় চরম উত্তেজনা

রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি দক্ষিন পারা ঈদগাহ মাঠের উন্নয়ন কাজকে কেন্দ্র করে সংঘর্ষ ও বাড়িঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, রাজবাড়ী জেলা পরিষদ থেকে বাড়াইজুড়ি দক্ষিন পারা ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের লক্ষে ১ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। ওই অনুদানের কাজ কিভাবে হবে তা নিয়ে গত শুক্রবার ( ঈদের আগের দিন ) চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আকরাম হোসেন ও স্থানীয় মোকবুলের সাথে কথাকাটি এবং মারামারির ঘটনা ঘটে। যে ঘটনায় চন্দনী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে স্থানীয় মোঃ এজাজুল হক, মোঃ মকবুল হোসেন, শামছু সরদার, বাবলু সরদার, ছালাম মন্ডল, আজিবর সরদারকে আসামী করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনার জের ধরে পুনরায় বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ২০ থেকে ২৫ জনের একটি দল ওই ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম মন্ডলের বাড়িতে হামলা চালায়। এছারাও ওই এলাকার আজিবর হোসেনের বসতবাড়ি, দোকান ও মোকবুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙ্গচুর ও লুটপাট করে।
চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আকরাম হোসেন জানান, বাড়াইজুড়ি দক্ষিন পারা ঈদগাহ মাঠ এক সময় বিশাল গর্ত ছিল সে সময় এলাকার গন্যমান্য ব্যক্তিদের মতামত নিয়ে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্যের কাছ থেকে টিআর নিয়ে ভরাট করে ২০০০ সাল থেকে ঈদের নামাজ পড়া হচ্ছে, তখন থেকে একটি মহল এর বিরোধিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় ঈদুল ফিতরের আগের দিন আমাকে মারপিট করে।
অপরদিকে চন্দনী ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম মন্ডল জানান, ঈদগাহ মাঠ নিয়ে গন্ডগোল হলো মোকবুলের সাথে ভাঙ্গা হলো আমার বাড়িঘর আমি এর একটা সঠিক বিচার দাবী করি।
এ ব্যপারে রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক কামাল টেলিফোনে জানান, বাড়াইজুরি ঈদগাহ মাঠকে কেন্দ্র করে একটি মামলা হয়েছে। গতকালকে রাতে ভাঙ্গচুরের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখনো কোন মামলা দায়ের হয়নি আমাদের কাছে কেউ আসলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী