সময় বিকাল ৩:০৬, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পাংশার হাবাসপুর বেড়িবাধে আবারও নতুন করে বালির স্তুপ উঠতে শুরু করেছে-বেড়িবাধ ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা

পাংশার হাবাসপুর বেড়িবাধে আবারও নতুন করে বালির স্তুপ উঠতে শুরু করেছে-বেড়িবাধ ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা

পাংশা প্রতিনিধি ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর বেড়িবাধ এলাকায় আবারও বালি উত্তোলন করতে শুরু করেছে প্রভাবশালীরা। বালি উত্তোলনের ফলে বেড়িবাধ ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কায় রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি প্রকাশ্যে উপজেলা সমন্বয় কমিটির সভায় বেড়িবাধ এলাকায় বালি ব্যবসা না করতে কঠোর হুঁশিয়ারী প্রদান করেছিলেন। এরই জের ধরে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পদ্মা নদী থেকে বালি উত্তোলনের সরঞ্জাম উচ্ছেদ করাসহ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছিল। একই সাথে পানি উন্নয়ন বোর্ড বালি উত্তোলনের উপর কড়া নজরদারী করে আসছিল। এরই মধ্য দিয়ে হাবাসপুর এলাকার বেশ কয়েকজন প্রভাবশালীরা ক্ষমতার দাপট দেখিয়ে গত কয়েক দিন ধরে বালি উত্তোলন করে আসছে। এদিকে বালি উত্তোলনের ফলে নদীর পার ভেঙে যেতে দেখা গেছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডে কর্মরত হাসানুজ্জামান রতন বলেন, আমি বিষয়টি দেখেছি তাদের নিষেধ করেছি, ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডলকে বলেছি, একই সাথে আমি আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবগত করেছি তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, যদি কেউ অবৈধ ভাবে বালি উত্তোলন করে তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপর দিকে পাংশার হাবাসপুর এলাকার একাধিক ব্যবসায়ী বলেন প্রশাসন আমাদের অনুমোদন দিলে তাহলেই আমরা এই ব্যবসা করব।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী