
রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে গালিব হাসান (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। ১৬ জুলাই ( সোমবার ) দুপুরে উপজেলার রতনদিয়া ইউনিয়নের কিং জুট মিলের সামনে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গালিব রতনদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও টেংড়া-বল্লভপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। তিনি রাজবাড়ী সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
রতনদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, গালিব রাজবাড়ী সরকারি কলেজে মেসে থেকে পড়ালেখা করেন। রোববার (১৫ জুলাই) তিনি বাবার সঙ্গে বিশ্বাকাপ ফাইনাল দেখতে বাড়িতে আসেন। সোমবার দুপুরে তিনি মোটরসাইকেলে করে তার বাবাকে কালুখালী এলাকায় একটি কাজের জন্য নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় রতনদিয়া ইউনিয়নের কিং জুট মিলের সামনে পৌঁছলে মোটরসাইকেলের সঙ্গে একটি ভ্যানের সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হয় গালিব। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিলে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে । পথিমধ্যে গালিবের মৃত্যু হয়।
