সময় দুপুর ২:১০, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পাংশায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক চরমপন্থী নিহত

পাংশা ॥ রাজবাড়ীর পাংশায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সর্বহারা লাল পতাকা জুলহাস বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড লালন হলদার (৪২) নামের এক চরমপন্থী নিহত হয়েছে। নিহত লালন পাবনা জেলার সুজানগর উপজেলার গোবিন্দপুর গ্রামের জিতেন হলদারের ছেলে। জানা গেছে লালন একজন পেশাদার কিলার, টাকার বিনিময়ে সে মানুষ হত্যা করত। বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৈয়দ সাজেদুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুলাই বিকাল সাড়ে ৩টার সময় লালনকে হাবাসপুর বেড়িবাঁধ এলাকা থেকে গ্রেফতার করা হয়। লালনের স্বীকারোক্তি মোতাবেক ২৭ জুলাই শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের কাটাজোলা খালের পশ্চিম পার্শ্বে অভিযান চালালে সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামীর সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে লালনের সহযোগিরা পালিয়ে যায়। এসময় পুলিশের ছোঁড়া গুলিতে লালন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় লালনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এসময় ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, চারটি গুলির খোসা ও দুইটি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। অভিযানে কনস্টেবল সাধন ও কনস্টেবল জালাল আহত হয়। লালনের বিরুদ্ধে রাজবাড়ী ও ফরিদপুরে ৪ টি মামলা ছিল। এর মধ্যে ২টি মামলায় সে সাজাপ্রাপ্ত ছিল। শুক্রবার সকালে নিহত লালন হলদারের লাশ রাজবাড়ীর মর্গে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী