
স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাধ্যমিক পরীক্ষায় বামপন্থা নিয়ে কটাক্ষ করায় ক্ষোভ। জড়িতদের শাস্তির দাবি জানিয়ে গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। এছাড়া একই ঘটনায় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উপজেলার বামপন্থী নেতারা স্মারকলিপি পেশ করেন।
বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার বলেন, উপজেলায় মোট ৩২টি শিক্ষা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণির ৫ জুলাই পরীক্ষাটি নেওয়া হয়েছে। উপজেলা থেকে প্রশ্নপত্র ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে ছাপিয়ে বালিয়াকান্দিতে পুনরায় পাঠানো হয়। হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার ৮ নম্বর প্রশ্ন নিয়ে অভিযোগ উঠেছে। প্রেস থেকে ভুল করা হয়েছে বলে শিক্ষক সমিতির নেতারা জানিয়েছে।
স্মারকলিপি পেশ করার সময় জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি আবদুস সামাদ মিয়া, জাতীয় গণফ্রন্টের আহ্বায়ক শুশান্ত কুমার রায়, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের আহবায়ক স্বপন কুমার দাস, জেলা জাসদের সাধারন সম্পাদক মুনিরুল হক প্রমূখ।
বাম নেতৃবৃন্দ বলেন, এ ধরনের প্রশ্নের মাধ্যমে দেশের রাজনৈতিক শান্তিপূর্ণ পরিবেশ উত্তপ্ত করা হচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। এধরনের প্রশ্নপত্রের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
জেলা প্রশাসক মো. শওকত আলী বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আদেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রসঙ্গত, ৮ নম্বর প্রশ্নের উদ্দীপকে বলা হয়, ‘অভিজিৎ বেশ কিছুদিন হলো বাম রাজনৈতিক দলগুলোর সাথে উঠাবসা করছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত অভিজিৎ বাম
দলগুলোর সংস্পর্শে এসে অহংকারী হয়ে উঠেছে। প্রভু হরির নাম শুনলেই সে তেলে- বেগুনে জ্বলে উঠেন। কিছুদিন পূর্বে তার আচরণে অবাক হয়ে সহকর্মী অরুণ বলে, তুমি দেখি রাজা হিরণ্যকশিপুর মতো আচরণ করছ।
ক) প্রহ্লাদ কে ছিলেন ?
খ) সত্য যুগ বলতে কী বুঝায় ?
গ)উদ্দীপকের অভিজিৎ এবং হিরণ্যকশিপুর চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো চিহ্নিত কর।
ঘ) বাম রাজনৈতিক দলগুলো ধর্মীয় আচার অনুষ্ঠান ও মূল্যবোধের পরিপন্থী – অভিজিতের করণীয় কাজের সপক্ষে তোমার যুক্তি উপস্থাপন কর।
