সময় সকাল ১০:০৮, শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ছাগলে আম গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে ঠান্ডু হত্যা মামলায় পিতার যাবজ্জীবন ও পুত্রের মৃত্যুদণ্ড

রাজবাড়ী :  ছাগলে আম গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে ঠান্ডু হত্যা মামলায় পিতার যাবজ্জীবন ও পুত্রের মৃত্যুদণ্ড দিয়েছে রাজবাড়ী জেলা দায়রা জজ। ২০১৩ সালের আলোচিত ঠান্ডু শেখ (২৫) হত্যা মামলায় মিনাজ উদ্দিন (৬৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন ও তার ছেলে রবিউল ইসলামকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত।  ১৪ আগস্ট ( মঙ্গলবার ) সকালে  জেলা ও দায়রা জজ মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন।  দণ্ডপ্রাপ্তদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া (ডাঙ্গিপাড়া) গ্রামে।

রাজবাড়ী এ পি পি খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু জানান, ছাগলে আম গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে ২০১৩ সালের ১৩ মে সন্ধ্যায় বেথুলিয়া ডাঙ্গিপাড়া গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে লিটন শেখ ও তার ভাই ঠান্ডু শেখকে উপুর্যপুরি কুপিয়ে মারাত্মক জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান ঠান্ডু শেখ।

এ ঘটনায় ঠান্ডুর বড় ভাই লিটন শেখ বাদী হয়ে মিনাজ ও রবিউলসহ পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও একজনকে আসামি করে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ছয়জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ পাঁচ বছর পর এ হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় মিনাজ উদ্দিনকে যাবজ্জীবন ও তার ছেলে রবিউল ইসলামকে মৃত্যুদণ্ডে রায় ঘোষণা করেন আদালত।

এছাড়া নির্দোষ প্রমাণিত হওয়ায় বাকি চারজনকে বেকসুর খালাস দেওয়া হয় বলেও জানান এপিপি হাবিবুর রহমান বাচ্চু।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী