
রাজবাড়ী ঃ চলতি দায়িত্বের চিঠি এসেছে। রাজবাড়ী জেলার ৯৪ জন সিনিয়র সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব পাচ্ছেন। দীর্ঘ প্রতিক্ষার পর ১৯ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে সেই তালিকা। তালিকায় নাম রয়েছে রুলির। রুলি তো নেই ! তিনি ইহকালের বাসিন্দা নন ১১ দিন পেরিয়ে গেছে। ঘুমিয়ে আছেন কবরে।
ডাক নাম রুলি। পুরো নাম কার্নিজ ফাতেমা রুলি। তিনি বালিয়াকান্দি উপজেলার রাজধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তিনি তো নেই ! কে দেখবে তার এই আদেশ ? ইতোমধ্যে সবাই জানতে পেরেছে রুলির চলতি দায়িত্বের বিষয়টি। নতুন করে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাংখীদের পোড়াচ্ছে চলতি দায়িত্বের এই চিঠি।
গত ৮ সেপ্টেম্বর তিনি জীবনের চরমবাস্তবতার স্বীকার হয়েছেন। দিনটি ছিল শনিবার বিদ্যালয়ের কাজ শেষে বাড়ি ফেরার পথেই ঘটে অঘটন। স্বামীর মোটরসাইকেলে করে বাড়ী ফিরছিলেন তিনি। রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় জীবনের সমাপ্তি ঘটে। এ ঘটনায় স্বামী মো. নাসির উদ্দিন মোল্লা গুরুতর আহত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল যে কোন সময়ই প্রকাশ পেতে পারে এই তালিকা। চলতি বছরের বদলীতেও যে কারণে প্রধান শিক্ষকের বদলী স্থগিত রেখেছিল সংশ্লিষ্ট দপ্তর। দীর্ঘ প্রতিক্ষার পর ১৯ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে সেই তালিকা। জেলার ৪০ নং ক্রমিকের এবং উপজেলার ৫নং ক্রমিকে রয়েছে তার নাম। কয়েকদিনের মধ্যেই হয়ত প্রথম ধাপের কয়েকজন পাবেন চলতি দায়িত্ব। তিনি ইহকালের বাসিন্দা নন ১১ দিন পেরিয়ে গেছে। ঘুমিয়ে আছেন কবরে।

উপজেলা শিক্ষা অফিসার মো: সিরাজুল ইসলাম জানান, আমাদের উপজেলায় ১৯ জন চলতি দায়িত্ব পাচ্ছেন। এর মধ্যে রাজধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কানির্জ ফাতেমা রুলি মারা গেছেন। সেটি শূণ্য থাকবে বাকী সবাই পদায়ন পাচ্ছেন। ৫ কর্মদিবসের মধ্যে সবাই যোগদান করবে। একমাত্র রুলির পদটি–!
