সময় সকাল ১০:২৪, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী মহোদয় আজ ৩০ সেপ্টেম্বর, দুপুরে রাজবাড়ী জেলা কারাগার পরিদর্শন করেন। এসময় সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার জনাব সামসুন্নাহার চৌধুরী, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (বৈদ্যুতিক ও যান্ত্রিক) তাজউদ্দিন আহমেদ, বেসরকারি পরিদর্শক এ্যাডঃ মোঃ উজির আলী-পিপি, এ্যাডঃ মোঃ আনোয়ার হোসেন-জিপি এবং  হেদায়েত হোসেন সোহরাব উপস্থিত ছিলেন।

এ সময়ে কারাগারের প্রধান ফটকে জেল সুপার মোঃ আনোয়ারুল করিম তাঁদের স্বাগত জানান। কারাগার পরিদর্শনের প্রারম্ভে কারারক্ষীদের সুসজ্জিত চৌকষ দল সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার গ্রহণের পর সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় প্রধান ফটকে রক্ষিত কারাগারের অভ্যন্তরে প্রবেশের এন্ট্রি রেজিস্টারে কারাভ্যন্তরে প্রবেশের সময় লিপিবদ্ধ করে স্বাক্ষর প্রদান করেন।
কারাগারে প্রবেশের প্রধান ফটক অতিক্রমকালে সর্বপ্রধান কারারক্ষী তাঁকে কারাভ্যন্তরে অন্তরীণ কারাবন্দিদের পরিসংখ্যান মৌখিকভাবে অবহিত করেন এবং কারাগার তাঁর পরিদর্শনের জন্য প্রস্তুত আছে মর্মে অবহিত করেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় সরকারি ও বেসরকারি কারাপরিদর্শকদের সমভিব্যাহারে কারাভন্তরে প্রবেশ করে বিভিন্ন ওয়ার্ড, সেল, রন্ধনশালা, খাদ্য গুদাম, হাসপাতাল/মেডিক্যাল ওয়ার্ড এবং কারাভ্যন্তর চত্বর ঘুরে দেখেন। বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের সময় তিনি কারাবন্দিতে কেস হিস্ট্রি টিকেট পরীক্ষা করেন এবং তাদের বিভিন্ন আবেদন-নিবেদন শুনেন ও তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কারাগার পরিদর্শনের প্রাক্কালে তিনি মাদকসেবী ও মাদকব্যবসায় আটক কারাবন্দিদের মাদকের ভয়াবহতা সম্পর্কে মটিভেশনাল বক্তব্য প্রদান করেন এবং তাদেরকে কারাগারথেকে মুক্ত হবার পর স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার জন্য পরামর্শ দেন।একই সাথে অন্যান্য কারাবন্দিদেরকেও মুক্ত হবার পর আইন-শৃঙ্খলা বিরোধী কাজ থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করেন।

কারাগার পরিদর্শনের প্রাক্কালে তিনি কারাভ্যন্তরের খালি জায়গায় সবজি ও শাক চাষের অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং উৎপাদিত সবজি ও শাক কারাবন্দিদের খাবার হিসেবে পরিবেশনের জন্য জেল সুপারকে নির্দেশনা প্রদান করেন। কারাগারের অভ্যন্তরের খালি জায়গায় সবজি ও শাক চাষের কার্যক্রম গ্রহণে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং জেল সুপারসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।

জেলা কারাগারেরপ অভ্যন্তর ভাগ পরিদর্শন শেষে সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় কারাগারের বিভিন্ন রেজিস্টারাদি পরীক্ষা করেন এবং কারাবন্দিদের অবস্থা, কারাগারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা, কর্মকর্তা ও কর্মচারীদের জনবল পরিস্থিতি, বেসরকারি ভিজিটরদের ভিজিট কার্যক্রম, অবকাঠামো সম্পর্কিত তথ্য, কারাগারের পরিস্কার-পরিচ্ছন্নতা, কারাবন্দিদের ধর্মীয় শিক্ষা, বিনোদনের ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রম নিয়ে জেল সুপার এবং জেলারের সাথে আলোচনা করেন এবং পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করে কারাগার হতে নিজ অফিসে প্রত্যাবর্তন করেন।

পরিশেষে তিনি জেল সুপারের অফিস কক্ষে পরিদর্শন বোর্ডের ত্রৈমাসিক সভা এবং আসন্ন মহান বিজয় দিবস, ২০১৮ উপলক্ষে লঘু অপরাধে দন্ডিত কারাবন্দিদের মুক্তিদানের তালিকা প্রণয়ন সংক্রান্ত জেলা কমিটির সভায় মিলিত হন।

উল্লেখ্য, সরকারী নির্বাহী আদেশ এবং জেল কোড, ১৯৩৭ এর বিধি ৪৪ হতে বিধি ৫২ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট জেলা কারাগারের সার্বিক কার্যক্রম তত্বাবধান ও নিয়ন্ত্রণ করেন । এ ছাড়া বিধি ৫৫(৩) অনুযায়ী তিনি পদাধিকারবলে জেলা কারাগারের পরিদর্শক এবং সরকার কর্তৃক বিভিন্ন সময়ে জারীকৃত বিভিন্ন নির্বাহী আদেশ ও জেল কোড, ১৯৩৭ এর বিধি ৪৮ মোতাবেক জেলা কারাগার পরিদর্শনের ক্ষমতাপ্রাপ্ত ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী