
বালিয়াকান্দি (রাজবাড়ী) ঃ চেয়ারম্যানের ভাতিজার কথায় ভিজিএফের কার্ডের অনলাইনে আবেদন করে না দেওয়ার অজুহাতে বাড়ী থেকে ডেকে চেয়ারম্যানের বাসায় এনে চেয়ারম্যানের সামনেই মারধোর করেছে এক তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাকে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৮টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোহাইলবাড়ী গ্রামের চেয়ারম্যানের বাড়ীতে। মারপিটের শিকার বহরপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তার নাম, মোঃ রফিকুল জেয়াদ বকুল (৫০)। তার পিতার নাম, মৃত রফিকুল ইসলাম। বাড়ী উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মারপিটের শিকার বহরপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা মোঃ রফিকুল জেয়াদ বকুল জানান, বুধবার রাত ১২টা পর্যন্ত ভিজিএফ তালিকা অনলাইনে আবেদন করার শেষ সময়। দুপুরে বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিমের ভাতিজা হাসিব দু,টি ভোটার আইডি কার্ড এনে অনলাইনে করতে বলে। আমি ফরম পুরন করে দিয়ে যেতে বলি। সে চলে যায়। রাতে কাজ করতে হবে বিধায় সচিবকে বলে বাড়ীতে গিয়ে কাজ করছিলাম। রাত ৮টার দিকে চেয়ারম্যানের ভাতিজা হাসিব বাড়ীতে গিয়ে বলে এখনই চেয়ারম্যানের বাড়ীতে যেতে হবে। তার মোটর সাইকেলে করে চেয়ারম্যানের বাড়ীতে এনে নামার পরই চেয়ারম্যানের সামনে এলোপাথারী ভাবে ১০-১২টি কিল,ঘুষি, লাথি মারে। চেয়ারম্যান ঠেকিয়ে হাসিবকে মোটর সাইকেলে বাড়ীতে পৌঁছে দিতে বলে। হাসিব তাকে মোটর সাইকেলে তুলে নিয়ে ইন্দুরদী ব্রীজ ঘাটের সামনে স-মিলে নামিয়ে কাঠের বাটাম দিয়ে এলোপাথারী পিটিয়ে আহত করে। লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে।
এ বিষয়ে জানতে বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিমের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
