
বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শালমারা-নিশ্চন্তপুর উচ্চ বিদ্যালয়ে এস,এস,সির নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা খাতা মুল্যায়নে অনিয়মের অভিযোগ আনে। এ অভিযোগে শনিবার দুপুরে অকৃতকার্য ৩১ শিক্ষার্থীর খাতা পুনঃমুল্যায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা উদ্যোগ গ্রহন করেছে।
জানাযায়, বালিয়াকান্দি উপজেলার শালমারা-নিশ্চন্তপুর উচ্চ বিদ্যালয়ে এ বছর এসএসসি’র নির্বাচনী পরীক্ষায় মোট ৮১জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। ফলাফলে দেখা যায় এর মধ্যে মাত্র ৫০ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ওই ৫০ জনের আগামী এসএসসি পরীক্ষার ফরম পুরণের সুযোগ দেয়। এতে অকৃতকার্য শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন, এ শিক্ষার্থীরা শিক্ষকদের নিকট প্রাইভেট না পড়ার কারণে তাদেরকে ফেল করানো হয়েছে। এ অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার নির্দেশে শনিবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে উপজেলা শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার খাতা পুনঃমুল্যায়নের জন্য অফিসে নিয়ে আসেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, প্রাইভেট না পড়ায় তাদেরকে অকৃতকার্য করা হয়েছে এমন অভিযোগে শিক্ষার্থীদের খাতা রবিবার পুনঃমুল্যায়নের জন্য শিক্ষা অফিসারকে দিয়ে আনা হয়েছে। পুনঃমুল্যায়নের পর ব্যবস্থা গ্রহন করা হবে।
