সময় রাত ১০:৩৬, বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মামলা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের হাতিমোহন গ্রামের বসত ঘর থেকে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই বৃদ্ধার নাম, নুরজাহান বেগম (৭০)। সে উপজেলার জামালপুর ইউনিয়নের হাতিমোহন গ্রামের মৃত বেলায়েত শেখের স্ত্রী। শনিবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। রাতে নিহতের ছেলে আঃ বারেক শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছে।
নিহতের ছেলে আঃ বারেক শেখ জানান, শুক্রবার রাত ১০ টার দিকে রাতের খাবার শেষে তার মা নুরজাহান বেগম ও মেয়ে পরশিয়া (৯) কে সাথে নিয়ে শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে আমি ও আমার ২ ছেলে তৌহিদুর রহমান (২২) ও তাহের রহমান (১৮) কে নিয়ে কপি কাটার জন্য বাড়ী থেকে আধা কিলোমিটার দুরে মাঠে চলে যাই। ভোর ৪টার দিকে আমার স্ত্রী রোজিনা বেগম (৪০) আমাদের সাথে থাকা লক্ষণদিয়া গ্রামের আবুল শেখের ছেলে মেনন শেখ (৩৫) কে ফোন করে আমার সাথে কথা বলে জানায়, আমার মায়ের ঘরের বিদ্যুৎ বন্ধ এবং ঘরের বেড়ায় কে যেন থাপ্পর দিচ্ছে। এ খবর পেয়ে সে ও তার ছেলেরা বাড়ীতে এসে দেখতে পান যে, মায়ের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে এবং মেঝোতে রক্ত ছড়িয়ে আছে। তার গলার বাম পাশে কাটা রক্তাক্ত দেখতে পান। তার ধারনা কে বা কাহারা হত্যা করেছে। থানা পুলিশকে খবর দিলে রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, পাংশা সার্কেলের এএসপি মোঃ ফজলুল করিম, ডিবির ওসি কামাল হোসেন ভুঁইয়া, পুলিশ পরিদর্শক জিয়ারুল ইসলাম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করলে রাতেই নামাজে জানাযা শেষে দাফন করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই নুর মোহাম্মদ জানান, নিহতের ছেলে আঃ বারেক শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছেন। বাদীর মেয়ে পরশিয়া (৯) ও স্ত্রী রোজিনা বেগম (৪০) কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি দ্রুত বিষয়টি অনুসন্ধান করে রহস্য উদঘাটনপূর্বক দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী