সময় সন্ধ্যা ৭:০৩, বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মানুষের জন্য কাজ করতে পারা সবসময় আমি উপভোগ করি

অনলাইন ডেস্ক রিপোর্ট ।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, মানুষের জন্য কাজ করতে পারা সবসময় আমি উপভোগ করি। এটি আমার শৈশবের শখ ছিল। সেই সুযোগটি প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন, সেটি আমি কাজে লাগাতে চাই। এ সুযোগে বৃহৎপরিসরে যদি কিছু করা যায়, সেটিই চাচ্ছি।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার টার্গেট কিন্তু বিশ্বকাপ পর্যন্তই আছে। বিশ্বকাপ পর্যন্ত আট মাসের ব্যাপার। কাজেই আট মাস পর্যন্ত যেভাবে খেলে আসছি, সেভাবেই খেলার চেষ্টা করব। তিনি বলেন, আমি আগেও বলেছি-আমার ব্যক্তিগত লক্ষ্য ছিল বিশ্বকাপ। তার পর রিভিউ করার সুযোগ থাকবে কিনা, সেটি সময়ই বলে দেবে।‘আমি মানুষের জন্য কাজ করতে চাই, সে সুযোগ পেলে কাজ করব। আমি বিশ্বক্রিকেটে এমন কোনো সুপারস্টার না যে আট মাস পর যখন আমি খেলা ছেড়ে দেব, আমাকে জনে জনে মানুষ স্মরণ করবে।’ নির্বাচনের সিদ্ধান্ত কেন নিলেন-জানতে চাইলে তিনি বলেন, আমি বিশ্বকাপ পর্যন্ত ভিত্তি করে চিন্তা করছি। আর সাত থেকে আট মাস বাকি আছে বিশ্বকাপের। এর পর যদি আমার ক্যারিয়ার শেষ হয়, তবে পরবর্তী সাড়ে চার বছরে আমার কী অবস্থান আসবে, সেটি ভাবতে হবে। তিনি বলেন, আমার একটা সুযোগ আছে, যেটি আমি সবসময় উপভোগ করি। আপনারা জানেন, একটি ফাউন্ডেশন করেছি, আমার একটি সুযোগ আছে- প্রধানমন্ত্রী আমাকে একটি সুযোগ দিয়েছেন। ‘ক্রিকেটে পারফরম্যান্সটা সবার আগে। বাংলাদেশের ক্রিকেট দল আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে। সুযোগ-সুবিধাও আগের চেয়ে অনেক বেশি আছে। আশা করি, বাংলাদেশের ক্রিকেট সামনের দিকে আরও এগিয়ে যাবে।’ তিনি বলেন, আমার ক্যারিয়ার শেষের দিকে। আমি না শচীন টেন্ডুলকার, না আমি ম্যাকগ্রা যে মানুষ আমাকে স্মরণে রাখবে। আমি আমার মতোই ক্রিকেট খেলেছি। স্ট্রাগলিং লাইফে যতটুকু পেরেছি খেলেছি। অন্যান্য রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি বলেন, আপনি যদি প্রকাশ্য কোনো দলকে সমর্থন করেন, তবে সেটি অবশ্যই আপনার বলা উচিত। ‘এ রকম অনেকেই আছেন-কোন দল সাপোর্ট করেন কিন্তু বলতে পারেন না। আমার মনে হয়, প্রত্যেকেই যে যে দল করেন, সেই সম্মানটা তাদের প্রতি থাকা উচিত। তার মতো করে সে দেশের জন্য কাজ করবে এ মানসিকতা থাকা উচিত। তবে সবার প্রতি আমার সম্মান রয়েছে। গতানুগতিক রাজনীতিতে গা না ভাসানো সম্পর্কে তিনি বলেন, আমি আপনাদের কোনো স্বপ্ন দেখাতে আসিনি। আর গতানুগতিক কথাও আমি বলতে চাই না। আমি এমন কোনো কথা বলতে চাই না, যেটি কালকে আপনি মেলাতে পারবেন না।এ সময় নড়াইলবাসীর ভালো সমর্থন পাওয়ার কথাও বললেন মাশরাফি। তিনি বলেন, যতটুকু কথা হয়, বলেছি। সবাই সমর্থন করছে। কোটা আন্দোলন কিংবা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নীরব থাকা নিয়ে তিনি বলেন, কোটা আন্দোলন নিয়ে যেটি হয়েছে, এত গভীর রাজনীতি আমি কখনও করিনি। জানিও না, বুঝিও না। আমার উদ্দেশ্য খুবই সাধারণ-আমি মানুষের জন্য কাজ করে শান্তি পাই।কাজেই আমাকে গভীর রাজনীতিবিদ ভাবলে যেটি দাঁড়ায়, সেটি আমি এখনও হয়নি বলে মন্তব্য করেন বাংলাদেশের এ ক্রিকেট তারকা। তিনি বলেন, আমাকে ওই পর্যায়ে ভাবলে সেটি আমার প্রতি অবিচার হবে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী