সময় বিকাল ৫:০৪, বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নৌকার জিল্লুল হাকিমের পাশে প্রচারণায় কাবু ধানের শীষের সাবু


নৌকার জিল্লুল হাকিমের পাশে প্রচারণায় কাবু ধানের শীষের সাবু

 রাজবাড়ী-2 :  জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার শুরুর দিন থেকেই মাঠে সরব রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো: জিল্লুল হাকিম। শহরের রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামেও ছেয়ে গেছে নৌকার ব্যানার ও পোস্টারে। চারদিকে মাইকে চলছে নৌকা প্রতীকের মো: জিল্লুল হাকিমের প্রচার-প্রচারণা। প্রায় প্রতিদিনই তার আসনে বিভিন্ন হাট-বাজারে নির্বাচনী সভা-সমাবেশ করছেন তিনি। উৎসবের আমেজে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নৌকা প্রতিকের নেতাকর্মীরা। স্বাধীনতার পর এ আসনে চারবার জিতেছে আওয়ামী লীগ, দুইবার বিএনপি, দুইবার জাতীয় পার্টি, একবার জাসদ ও একবার জামায়াত। পাংশা উপজেলার ১০টি, বালিয়াকান্দি উপজেলার ৭টি ও কালুখালী উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে রাজবাড়ী-২ সংসদীয় আসন গঠিত। জিল্লুল হাকিম চারবার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ১৯৯৬ সালে প্রথম নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য হন। পরের বার অর্থাৎ ২০০১ সালে বিএনপির প্রার্থী ছিলেন নাসিরুল হক সাবু। এ নির্বাচনে তার কাছে হেরে যান জিল্লুল হাকিম। ২০০৮ সালের নির্বাচনে নাসিরুল হককে পরাজিত করে ফের সংসদ সদস্য নির্বাচিত হন জিল্লুল হাকিম। ২০১৪ সালেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অপরদিকে নির্বাচনী মাঠে তুলনামূলক নীরব রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো: নাসিরুল হক সাবু। কোথাও খুব একটা দেখা যাচ্ছে না ধানের শীষের ব্যানার-পোস্টার। শোনা যায়নি মাইকিং ও। তবে বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ তারা গ্রেপ্তার আতংকে রয়েছেন। এ পর্যন্ত অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তাদের। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এবিএম নুরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মোঃ নাজমুল হাসান, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুর মহম্মদ ভুইয়া ও জাসদের প্রার্থী সুশান্ত কুমার সরকারকে দেখা যাচ্ছে না নির্বাচনী মাঠে। বিএনপি মনোনীত প্রার্থী নাসিরুল হক সাবু বলেন, ‘দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমার নেতাকর্মীরা গ্রেপ্তার আতংকে রয়েছে। পুলিশ রাতে বাড়ীতে বাড়ীতে গিয়ে নেতাকর্মীদের খুঁজছে। তবে সেনাবাহিনী মাঠে নামলে আমরা জোর প্রচারণা চালাতে পারব। সুষ্ঠু, শান্তিপূর্ণ নিরপক্ষে ভোট হলে আমি এই আসনে এমপি হবো’। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: জিল্লুল হাকিম বলেন, ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলাম। নানা রকম প্রতিকূল পরিবেশ অতিক্রম করতে হয়েছে আমাকে। সব সমস্যা সফলভাবে মোকাবিলা করে আজকের অবস্থানে এসেছি। কেন আপনাকে ভোট দেবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার এলাকার জনগণ আমাকে ভোট দেবে কারণ আমি জনগনের জন্য গত ১০ বছরে ধারাবাহিকভাবে এলাকার উন্নয়নের জন্য যথেষ্ট কাজ করেছি। আমার এলাকায় নির্বাচনী এলাকার প্রায় প্রত্যেকটি রাস্তা-ঘাট, প্রত্যেক বাড়ীতে বিদ্যুৎ সংযোগ, স্কুল কলেজের উন্নয়ন ও সরকারীকরণ করেছি। এলাকার আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে জনগণ শান্তিতে যাতে বসবাস করতে পারে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছি। স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণসহ সাধারণ মানুষ যাতে সুখ-শান্তিতে বসবাস করতে পারে সে লক্ষে আমি কাজ করতে পেরেছি বলেই জনগণ আমাকে ভোট দেবে। তিনি আরও বলেন, ‘ইতিপূর্বে যারাই নির্বাচিত সংসদ সদস্য হিসেবে কাজ করেছে তারা কিন্তু কোনো রকম উন্নয়ন করে নাই, লুটপাট করেছে। আমাদের জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের দরিদ্র মেহনতি মানুষের জন্য কাজ করেছে, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে তাদের বেঁচে থাকার জন বিভিন্ন রকম ভাতা চালু করেছে, বছরের প্রথম দিনে স্কুল শিক্ষার্থীদের হাতে বই পৌছে দিচ্ছে, শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়ে সহায়তা করছে। প্রসঙ্গত: এবারের নির্বাচনে রাজবাড়ী-২ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৪৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৫৪৪ জন এবং নারী ভোটার রয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯২৯ জন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী