সময় রাত ১:১২, মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

মাতৃভাষার বই পাচ্ছে পাহাড়ি শিশুরা

অনলাইন ডেস্ক : পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও চলছে বই উৎসব। জেলার প্রায় ৭০৬ প্রাথমিক ও ১২২ মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের শিশুরা পাচ্ছে নতুন বই। এদিন সবক’টি বিদ্যালয়েই একযোগে বই বিতরণ করা হয়। মাতৃভাষার বইও এদিন বিতরণ করা হয় অধিকাংশ বিদ্যালয়ে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৫০৫ জন শিশুর মধ্যে ৪ লাখ ৭২ হাজার ৪২৪টি বই বিতরণের কথা রয়েছে। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ের প্রায় ৪৯ হাজার শিক্ষার্থী পেয়েছে নতুন বই। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই শিশুদের হাতে তুলে দেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার আহমার উজ্জামান, পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন উপস্থিত ছিলেন। এদিকে প্রাক-প্রাথমিকের পাহাড়ি শিশুদের হাতে মাতৃভাষার বই বিতরণও শুরু হয়েছে। এ বছর প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ৩০ হাজার ১২৯ জন চাকমা, মারমা ও ত্রিপুরা শিশু মাতৃভাষার বই পাবে। মাতৃভাষার বইয়ের সঙ্গে মাতৃভাষার বর্ণমালাভিত্তিক খাতাও বিতরণ করা হচ্ছে। গত ২০১৭ সাল থেকে সারাদেশের পাঁচটি মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন ও পড়াশোনার উদ্যোগ নেয় এনসিটিবি। অপর দু’টি মাতৃভাষা হলো সমতলের সাদরি ও গারো। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন জানান, বইয়ের কোনো ঘাটতি নেই। এবার মাতৃভাষার বইও পর্যাপ্ত পাওয়া গেছে ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী