ঢাকাঃ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও তাঁর দ্বারা বাংলাদেশে জাতীয়তাবাদের প্রতিষ্ঠা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ছাত্রদলের গঠনের ইতিহাস ইত্যাদি বিষয় নিয়ে ইতিহাস সম্বলিত একটি বই প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাফরুল থানার প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জোবায়ের রব্বানী। বইটির নাম রেখেছেন ‘রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ও জাতীয়তাবাদের প্রতিষ্ঠা’।
মঙ্গলবার রাজধানীতে ছাত্রদলের এক কেন্দ্রীয় সভায় বইটির মোড়ক উন্মোচন করা হয়। লেখক আবু জোবায়ের রব্বানী বর্তমানে যুক্তরাজ্য বসবাস করছেন। তবে বাংলাদেশ থেকে বহু ক্রোশ দুরে থাকলেও আজও বাংলাদেশ জাতীয়তাবাদ ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার আদর্শ বুকে লালন করেন। ছাত্র জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন। তাঁর বইয়ের ভূমিকায় তিনি লিখেছেন, “শহীদ জিয়াকে নিয়ে আরো জানার কৌতূহল ও প্রবণতা সেই কিশোর বয়স থেকেই, আর এভাবেই শুরু হয় তাঁকে নিয়ে গবেষণা, লেখালেখির। বিগত বেশ কয়েক বছর ধরেই আমার অধ্যয়ন এবং উপলব্ধি সাধারণ্যে প্রকাশ করার প্রয়াস পেয়েছি। ইতিমধ্যে শহীদ জিয়া সম্পর্কে ব্লগ ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করেছি প্রবন্ধমালা। লেখালেখির এ স্পৃহা কখন একটি পূর্ণাঙ্গ পুস্তকে পরিণত হয়ে গেলো তা আসলে আমি নিজেও প্রথমে উপলব্ধি করতে পারিনি। আমার সকল গবেষণা ও প্রবন্ধমালার ফসল আজকের এই পুস্তিকা।”
বইটির প্রকাশনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান, সহসভাপতি আলমগীর হাসান সোহান, যুগ্ম সম্পাদক কাজী মোকতার হোসেন, সহকারী সাধারণ সম্পাদক নোমান হাসনাত, রিয়াজ আহমেদ সহ ছাত্রদলের বিভিন্নস্তরের কর্মীবৃন্দ।
