নিজস্ব প্রতিবেদকঃ অনলাইন মিডিয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য প্রকাশের দায়ে আকবর আলী নামের এক ব্যক্তি গত মঙ্গলবার (১২ মার্চ) রাজবাড়ী বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের ১নং আমলী আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ১২ জন ব্যক্তিকে আসামী করা হয়েছে। তারা হলেন মোঃ রাশেদ আলম, এমডি আনিছুজ্জামান, আজির উদ্দিন, শাহ মোহাম্মদ শাহিনুর রব, এমডি হাসনাইন, মোহাম্মদ আবু জোবায়ের রব্বানী, এমডি সাব্বির হোসেন, চিন্ময় দেবনাথ, নিজামুদ্দিন দোদন, মশিউল হোসেন খান, কামরুল ইসলাম, এম ডি তোফায়েল হোসেন।
আমাদের এ প্রতিবেদক জানান, রাজবাড়ী থানাকে আগামী মে মাসের মধ্যে এ বিষয়ে তদন্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। এ বিষয়ে বুধবার সন্ধ্যায় রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এ ধরনের অভিযোগ আসার পর থেকেই আমরা কাজ করছি। আদালতের নির্দেশে এরই মধ্যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে বিষয়টি সম্পর্কে সবাইকে জানাতে পারবো।
এ ব্যাপারে বাদী আকবর আলীকে প্রশ্ন করা হোলে তিনি বলেন, আসামীরা অনলাইন মিডিয়াকে ব্যবহার করে দীর্ঘদিন যাবত বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালিয়ে আসছে। সম্প্রতি তারা একটি প্রবন্ধে আমাদের সকলের প্রাণপ্রিয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা ধরনের কুৎসা ও অকথ্য ভাষা ব্যবহার করে মানহানিকর বক্তব্য প্রদান করেছে, যা তাঁকে গভীরভাবে মর্মাহত করে। তিনি আরও বলেন, আসামীগন তাঁদের বক্তব্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনাঢ় সরকার ও তাঁর পরিবারকে উচ্ছেদ করার প্রবল ইচ্ছাও প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে দেশের ক্ষমতা নিজের হাতে তুলে নিতে অনুরোধ করেন, যা সরাসরি দেশের বিরুদ্ধে যায় এবং মানহানিকর তথা বাংলাদেশের ভাবমূর্তি ভঙ্গ করে। এসকল লেখকরা প্রতিনিয়ত দেশের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে যা শীঘ্রই বন্ধ করা না গেলে পরবর্তীতে মহামারি আকার ধারণ করবে। – এ কারনে তিনি স্বতঃপ্রণোদিত হয়ে এ মামলাটি দায়ের করার সিদ্ধান্ত নেন।
তবে এ বিষয়ে বিবাদীদের বক্তব্য জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
