সময় রাত ৪:১০, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চাটমোহরে ইউপি সদস্যসহ ৪ জন আটক, চাকু উদ্ধার

রাজশাহী বিভাগীয় চীফ : পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের শরৎগঞ্জ হাটে শুক্রবার (২৮ জুলাই) সকালে বিরোধপূর্ণ জমি দখল করাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের মহড়ায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বর্তমান ও সাবেক মেম্বারসহ ৪ জনকে আটক করেন। তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, আটঘরিয়া উপজেলার কয়রাবাড়ি গ্রামের আজাহার আলীর ছেলে দেবোত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার ওমর ফারুক (৩৫), পাবনা সদর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত কালু মোল্লার ছেলে নান্নু মোল্লা (৪০), আতাইকুলা থানার মৌগ্রামের আঃ খালেকের ছেলে নুর আলম (৩৫) ও চাটমোহর উপজেলার কুয়াবাসী গ্রামের আঃ সোবাহানের ছেলে ফৈলজানা ইউনিয়নের সাবেক মেম্বার আকমল হোসেন (৫০)। এলাকাবাসী জানান, শরৎগঞ্জ বাজারের জমি নিয়ে আকমল হোসেনের সাথে উপজেলার লক্ষীপুর গ্রামের নজির প্রাং এর ছেলে খলিলুর রহমান গং এর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে আকমল গং ওই জমি দখল নিতে গেলে উভয়ের মধ্যে বাক বিতন্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। এসময় বহিরাগত সন্ত্রাসীদের মহড়ায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পাশের শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল আলম খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালালে বহিরাগতরা পালিয়ে যায়। এসময় আকমল হোসেন ও তার ৩ আত্মীয়কে আটক করে। তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। চাটমোহর থানার ওসি এস এম আহসান হাবীব জানান, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ৪ জনকে আটক করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী