রাজশাহী বিভাগীয় চীফ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. ইয়াফেস ওসমান পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম ‘পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প’ ও ‘আবাসন প্রকল্প গ্রীণ সিটি’র নির্মাণ কাজ পরিদর্শন এবং মনিটরিং করেছেন। গতকাল শুক্রবার এবং আজ শনিবার ২দিনব্যাপী তিনি প্রকল্পের সার্বিক নির্মাণ কাজ মনিটরিং এবং সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় করেন। আগামী সেপ্টেম্বরে প্রথম কংক্রিটের কাজের উদ্বোধনের উদ্দেশ্যে প্রস্তুতি বিষয় নিয়ে তিনি সয়েল ইম্প্রুভমেন্ট ও ষ্টেবিলাইজেশনের তদারকি করেন। এ সময় তিনি রাশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান এটমষ্ট্রয় এক্সপোর্টের কর্মরতদের সাথে সভা ও মাঠ পর্যায়ে গিয়ে কাজের অগ্রগতি স্বচক্ষে দেখেন। শুক্রবার বিকেলে প্রকল্পে কর্মরতদের আবাসনের জন্য নির্মাণাধীন ‘গ্রীণ সিটি’র অগ্রগতি বিষয়ে এক সভাও করেছেন সংশ্লিষ্টদের সাথে। সংশ্লিষ্ট সুত্র জানায়, গণপূর্ত বিভাগের অধীনে গ্রীণসিটিতে ২০ তলা বিশিষ্ঠ ২৮ টি ভবনের মধ্যে ১৯টি ভবনের নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী ৭ই আগষ্টের মধ্যে ১ম ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করে হস্তান্তরের বিষয়ে এই সভায় আলোচনা হয়। মন্ত্রী এ সময় অতিদ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে আবাসন ভবন হস্তান্তরের ব্যাপারে গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের তাগিদ দেন। বৈঠকে প্রকল্প পরিচালক সৌকত আকবর, গণপূর্ত বিভাগের তত্ত্বাধায়ক প্রকৌশলী আব্দুল মজিদ, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম, পাবনার নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, প্রকল্পর সাইট ইনচার্জ রুহুল কুদ্দুসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শনিবার মন্ত্রী প্রথম কংক্রিটের কাজের উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি বিষয়ে সয়েল ইম্প্রুভমেন্ট ও ষ্টেবিলাইজেশনের তদারকির সময় আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ও এটমষ্ট্রয়ের ডেপুটি চীফ ইঞ্জিনিয়ার কুশিলভসহ রাশিয়ান কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি প্রসংগে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন হচ্ছে কিনা এই বিষয় মনিটরিং এর জন্য আমি প্রতি মাসে ১/২ বার নিয়মিত প্রকল্প এলাকা স্বশরীরে এসে কাজের অগ্রগতি পরিদর্শন করেছি। আশা করছি, নির্ধারিত সময়েই সকল কাজ সম্পন্ন হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
নিউজ আপডেট টাইম : জুলাই, ৩০, ২০১৭, ৬:৪৫ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
230 বার
