রাজশাহী বিভাগীয় চীফ : রাজশাহীর পুঠিয়া, দূর্গাপুর ও বাগমারা উপজেলার সীমান্তবর্তী এলাকা তাহেরপুরের মুরগাদহ্ ব্রীজের নিচে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস উল্টে পানিতে পড়ার সাড়ে ৮ ঘন্টা পর রাত দেড়টার দিকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভূইয়া। ওসি জানান, দিবাগত রাত দেড়টার দিকে প্রায় ৮ ঘন্টা চেষ্টা চালিয়ে বাসটি উদ্ধার করা হয়। রাজশাহী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এ উদ্ধার অভিযান পরিচালনা করেন। তবে নতুন করে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলেনও জানান ওসি। এদিকে এ দূর্ঘটনায় এ পর্যন্ত ২ জন নিহত ও প্রায় ১৫ জন আহতের খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, তাহেরপুর পৌর এলাকার ভবনপুর গ্রামের জহুরুল ইসলাম (২৪) ও ঢাকার ব্র্যাক কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব। জহুরুল ইসলাম দূর্ঘটনাস্থলে ছাগল চরাচ্ছিলেন এবং হাবিব ওই বাসের যাত্রী ছিলেন। স্থানীয়রা জানান, গতকাল বিকেল পৌনে ৬ টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা তাহেরপুরগামী যাত্রীবাহী বাস “নূর ট্রাভেলস” (রাজ মেট্রো-ব ০৫-০০১) দ্রুতগতিতে তাহেরপুর মুর্গাদহ্ ব্রিজের কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পানিতে পরে যায়। পড়ার সঙ্গে সঙ্গে বাসটি পানিতে ডুবে গেলে স্থানীয়রা এসে বাসের ভেতরে থাকা অন্তত ১৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে পুঠিয়া থানা স্বাস্থ্য কেন্দ্রে ও তাহেরপুরে একটি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে। এ ঘটনায় ঘটনাস্থলেই জহুরুল ইসলাম (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত জহুরুল ওখানে ছাগল চরাচ্ছিলেন বাসের ধাক্কায় তিনি নিহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ব্র্যাক কর্মকর্তা হাবিবুর রহমানকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাত ৮ টার দিকে মারা যায়। নিহত হাবিব ঢাকা থেকে ১০ দিনের প্রশিক্ষণ দিতে ট্রেইনার হিসেবে তাহেরপুর ব্র্যাক অফিসে যাচ্ছিলেন। তবে তাৎক্ষনাত আহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধারকৃত বাসটি বর্তমানে তাহেরপুর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। স্থানীয়রা কয়েকজন বাস যাত্রীদের বরাত দিয়ে বলেন, বাসটি পুঠিয়া থেকে তাহেরপুর দূর্ঘটনাস্থল পর্যন্ত চালকের আসনে হেলপার বসা ছিলো এবং হেলপার দিয়েই বাসটি চালানো হয়েছিল।
রাজশাহীতে বাস উল্টে পানিতে, নিহত ২
নিউজ আপডেট টাইম : জুলাই, ৩১, ২০১৭, ৪:৩৪ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
138 বার
