সময় রাত ৯:৩২, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

না পাওয়ার মাঝে

না পাওয়ার মাঝে
———————-
ননীগোপাল সরকার
আর সে কথা বলতো ভারী মিষ্টি করে
কত যে রহস্যের মায়াজাল লুকিয়ে থাকতো
কথার পরতে পরতে
আমি সারারাত ভেবে ভেবে
আকাশের তারাদের মাঝে
তার না বলা বাণীর অর্থ খুঁজতাম।
জেগে থাকতাম, বুঝি সে এলো
না, সে আসেনি…..
নির্ভার নিবিড় স্বপ্রেমে স্বমহিমায়
ভাস্বর হয়ে আসতো সে
তার একান্ত ইচ্ছায় ।
আমি তার ইচ্ছার শৈলী গভীরে
কখনই হাত বাড়াই নি
একটা স্বাধীন সত্তা নিয়ে
থাকুক সে অনন্তকাল আমার আকাশ জুড়ে!
আমি দেখবো দু’চোখ ভরে সারাদিন
ভাববো সারারাত না পাওয়ার মাঝেই।
আবিষ্কার করবো ধীরে, অতি ধীরে ।
ঐ যে নিঃসীম নীলাকাশে
উড়ে যায় ক্লান্ত বলাকার সারি সুদূর পাড়ে
তাদের পালকে ছড়িয়ে দিলাম
আমার যতো সুখ যতো কষ্টভার
যদি একটিও পালক উড়ে গিয়ে পড়ে
তার মুক্ত বাতায়নে
হয়তো তাতেই সে খুঁজে নেবে
অন্তহীন সুখ, প্রেমভরে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী