সময় সন্ধ্যা ৭:৫২, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চাটমোহরে অসুস্থ সীমার চিকিৎসার দায়িত্ব নিলেন ছাত্রলীগ নেতা

রাজশাহী বিভাগীয় চীফ : পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মেধাবী ছাত্রী সীমা খাতুনের চিকিৎসার দায়িত্ব নিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও চাটমোহরের সন্তান মো. আতিকুর রহমান আতিক।
গত শনিবার সন্ধ্যায় সীমার বাড়িতে গিয়ে তার বাবা-মাকে এ কথা জানান তিনি। এ সময় তিনি সীমা ও তার পরিবারের সাথে বেশ কিছু সময় কাটান এবং তার রোগের বিষয়ে সবকিছু মনোযোগ দিয়ে শোনেন। এ সময় সীমার বাড়িতে উপস্থিত সবার মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে তার।
আতিকুর রহমান আতিক বলেন, ‘এ রকম মানবিক বিষয় আমরা অবহেলা করতে পারি না। এর মতো মহৎ কাজ আর কী হতে পারে। এখন আমার দায়িত্ব হচ্ছে আগামী একসপ্তাহের মধ্যে সীমাকে ঢাকায় নিয়ে গিয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করানো। এলাকার ছেলে হিসেবে এটা আমার দায়িত্ব।’
প্রসঙ্গত, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের জাদু প্রামানিক ও রাজিয়া খাতুন দম্পতির ছোট মেয়ে সীমা। জগতলা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেধাবী এই ছাত্রীর বাম পায়ে অস্থি প্রদাহ এবং পরবর্তীতে অস্থি সন্ধির জড়তার কারণে এখন সে পঙ্গু হওয়ার পথে।
দিনমজুর বাবা সাধ্যমতো চেষ্টা করেছেন মেয়েকে সারিয়ে তুলতে। বড় মেয়ের বিয়ের জন্য গচ্ছিত ৮০ হাজার টাকা, এনজিও থেকে ঋণ ও কিছু মানুষের কাছ থেকে সুদে টাকা নিয়ে সীমার অপারেশন করান। দীর্ঘ ছয় মাস অতিবাহিত হলেও পায়ের কোন উন্নতি নেই সীমার। ঘরের বাইরে বের হতে গেলে বাবা অথবা মা’র কোলে চড়ে বের হতে হয়। আবারও সুস্থ হয়ে স্কুলে যেতে চায় সীমা।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী